নির্মাণের আট মাসের মাথায় ভেঙে পড়ল কালভার্ট
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের গণি মিয়া সড়কের পাহাড়ি ছড়ার ওপর একটি কালভার্ট নির্মাণের প্রায় আট মাসের মধ্যেই ভেঙে গেছে। এতে ওই সড়কে পথচারী ও যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটি নির্মাণে ত্রুটি ছিল। রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার করে বরাদ্দ অর্থের অর্ধেকেরও বেশি আত্মসাৎ করা হয়েছে। নয়াপাড়া গ্রামের বাসিন্দা রিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের অক্টোবরের শেষ দিকে কালভার্ট নির্মাণ শেষ হয়। চলতি বছরের জুন মাসে এটি ভেঙে পড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের (কর্মসৃজন) টাকা দিয়ে কালভার্টটি নির্মাণ করা হয়। এ প্রকল্পে নয়াপাড়া ইউনিয়নের তদারকির দয়িত্বে ছিলেন তৎকালীন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (বর্তমানে ভৈরবে কর্মরত) জহিরুল ইসলাম ভূঁইয়া। নির্মাণকাজের দায়িত্বে ছিলেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন সদস্য ফরাসউদ্দিন।সরেজমিনে দেখা গেছে, কালভার্টটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে। হাঁটুপানি ভেঙে ছড়া পার হচ্ছেন পথচারীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছদু মিয়া বলেন, ‘কর্মসৃজন প্রকল্প থেকে কালভার্টটি নির্মাণ করা হয়েছে তা সত্য। তবে এটি আমার আমলে নয়। এ সময় দায়িত্বে ছিলেন আজাদুর রহমান।’ তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বর্তমানে বড়লেখায় উপজেলায় কর্মরত) আজাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কালভার্ট ভেঙে গেছে তা আমি দেখেছি। এ জন্য তদারকি কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’ কালভার্ট নির্মাণের দায়িত্বে থাকা ফরাস উদ্দিন বলেন, ‘কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ ছিল এক লাখ ১০ হাজার টাকা। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র ৪৫ হাজার টাকা। আমি এ টাকা দিয়েই কাজ করি।’