নির্মাণের আড়াই বছরে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের এক পাশ দেবে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় আড়াই বছর আগে নির্মিত দোতলা পাকা ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ অর্থবছরে দোতলা পাকা ভবনটি নির্মাণ করে ২০ লাখ ৪১ হাজার ৯৭৩ টাকায়। ২০০৮ সালের ১ জানুয়ারি নতুন ভবনটি উদ্বোধন করা হয়। কুলাউড়ার মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ কাজটি পেলেও তা করেন ঠিকাদার শামীম আহমদ চৌধুরী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, নির্মাণকাজ শেষ হওয়ার কিছু দিন পর থেকে একটু একটু করে ভবনটির পশ্চিম পাশ দেবে যেতে থাকে। বিষয়টি তখন মৌখিকভাবে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানান। কিন্তু কোনো কাজ হয়নি, পরবর্তী সময়ে এলজিইডির জুড়ী কার্যালয়ের প্রকৌশলীকে তিনি বিষয়টি অবহিত করেন।এলজিইডির জুড়ী কার্যালয়ের প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বর্ষার আগে মাপজোক করে দেখা গেছে, ভবনের পূর্ব ও পশ্চিম পাশের ব্যবধান প্রায় ১৪ ইঞ্চি। ভবনটির পশ্চিম পাশ দেবে গেছে। নির্মাণকাজে নিশ্চয়ই কোথাও ত্রুটি হয়েছে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মাস খানেক আগে ঢাকায় এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে প্রতিবেদনও পাঠানো হয়েছে। সোহাগ এন্টারপ্রাইজের মামুর রশীদ বখশ্ বলেন, ‘আমার লাইসেন্স (অনুমতিপত্র) দিয়ে শামীম কাজটি করেছেন। তিনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।’ শামীম আহমদ চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি ভবনটি একটু দেবে গেছে। তবে দেখিনি। হাওর এলাকা হওয়ায় ওই জায়গার মাটি নরম ছিল।’নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুর রাকিব বলেন, ‘নির্মাণকাজে মিস্ত্রিদের গাফিলতির কারণে সমস্যাটি দেখা দিয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, ‘ঘটনাটি শুনে আমরা উদ্বিগ্ন। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম বন্ধে চিন্তাভাবনা করা হচ্ছে।’