নির্মাণের আড়াই বছরের মধ্যে শিশুপার্কটি বেহাল

লোহার ছেঁড়া জালি দোলনা বানিয়ে এক পথশিশু শুয়ে দোল খাচ্ছে। তার দুই সঙ্গী তাকে দোল দিচ্ছে। ধানমন্ডি ৩২ নম্বর লেকের দক্ষিণ পাশে রয়েছে একটি শিশুপার্ক। সেখানে ডিম্বাকৃতি লোহার কাঠামোয় জালির মতো করে প্রজাপতি খাঁচা বানানো হয়েছিল। ওই জালি ছিঁড়ে এমন অবস্থা। পার্কটি নির্মাণ করা হয়েছিল প্রায় আড়াই বছর আগে।
গতকাল শুক্রবার বিকেলে সেখানে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। কলাবাগান মাঠ ও পানির পাম্পের মাঝের জায়গায় পার্কটির অবস্থান। স্থানীয় ব্যক্তিদের কেউ এটিকে কলাবাগান শিশুপার্ক, কেউ শেখ রাসেল শিশুপার্ক নামে চেনেন। যদিও পার্কের আশপাশে কোনো নামফলক চোখে পড়েনি।
পার্কটি দেখাশোনার কেউ নেই। প্রজাপতি খাঁচার দুই পাশের দরজা দুটি উধাও। পড়ে আছে লোহার কাঠামো। বেশির ভাগ স্থানেই জালি নেই। ১০টি দোলনার চারটি কে বা কারা খুলে নিয়ে গেছে। কাঠের বড় দুটি স্লাইডারের কাঠ ও লোহার বেড়াও উধাও। সুইমিংপুলের টাইলস বাঁধানো পাড় ভাঙাও শুরু হয়েছে। তাতে পানি নেই। মাটি থেকে ৮-১০ ফুট উঁচুতে দাঁড়িয়ে খেলা করার কাঠের পাটাতন দুটিও নড়বড়ে হয়ে গেছে। লেকের ওপর পার্কের সঙ্গে লাগানো একটি কংক্রিটের বর্গাকার পাটাতন ছিল দাঁড়ানোর জন্য। বর্ষার পানিতে সেটা ভেসে গেছে। পার্কে প্রবেশের জন্য চক্রাকার চার দরজা এবং খাওয়ার পানি সরবরাহ করার যন্ত্রটিও নষ্ট। নিরাপত্তাকক্ষের দরজা-জানালা নেই। শৌচাগার দুটিও বেহাল, ভাঙাচোরা; দরজা নেই। ল্যাম্পপোস্টের ভেতর থেকে তারগুলোও ছিঁড়ে নেওয়া হয়েছে। বিদ্যুতের ব্যবস্থা বিকল। ভেতরে পায়ে চলার পথ স্যাঁতসেঁতে হয়ে গেছে। চারপাশ পচা পাতা আর আবর্জনায় ভরা। শুধু লোহার ছয়টি সি-স ও দুটি স্লাইডার ভালো আছে।
শিশুদের নিয়ে ঘুরতে এসেছেন ঝরনা বেগম। তিনি বলেন, ‘সব সময় আসি না। লেকে ঘুরতে এসে এখানে ঢুকেছি। পাঁচ মাস আগেও জায়গাটা সুন্দর ছিল। দেখতে ভালো লাগত। লোকজন আসত। এখন তো বাবা-মায়েরা বাচ্চাদের নিয়ে আসেন না। পরিবেশ নোংরা। সব ভাঙাচোরা।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশলী দপ্তর সূত্র জানায়, ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্পের অধীনে ২০১২ সালে শিশুপার্কটির নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ২০১৪ সালের মে মাসে। পরে পার্কটি এক ব্যক্তিকে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়। লোকজন তেমন না আসায় এবং রাতে চুরি হওয়ায় ইজারাদার পার্কটি বন্ধ করে দেয়। এরপর থেকে পার্কটি অযত্নে পড়ে আছে। পুনরায় আর চালুর উদ্যোগ নেওয়া হয়নি।
পার্কের নিরাপত্তাকক্ষে আলমগীর নামে এক লোক থাকেন। পার্ক নির্মাণাধীন থাকা অবস্থায় প্রায় দুই বছর তিনি এর দেখাশোনার দায়িত্বে ছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘পার্কের নাম শেখ রাসেল শিশুপার্ক। এখনো উদ্বোধন করা হয়নি। আগে প্রবেশপথে কাঁটাতারের বেড়া ছিল। এ বছরের শুরুর দিকে স্থানীয় লোকজন তা ভেঙে ভেতরে ঢোকা শুরু করেন।’
স্থানীয় লোকজন এবং আশপাশের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, পার্কের এই অবস্থায়ও লোকজন আসে। তবে শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে অভিভাবকেরা তেমন আসেন না। মাঝেমধ্যে পথচলতি শিশুরাও আসে। পথশিশু, আশপাশের স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেশি আসেন। সন্ধ্যার পর পার্কে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। অন্ধকারের মধ্যেও লোকজন থাকে। অনেকে গাঁজাসহ নানা রকম মাদক সেবন করে। বিভিন্ন মাদকের বেচাকেনাও চলে। পার্কের গাড়ি রাখার জায়গায় বসেও মাদকাসেবীরা গাঁজা সেবন করে।
বিষয়টি জানালে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমাজকল্যাণ বিভাগ পার্ক ব্যবস্থাপনার বিষয়টি দেখে। আর এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের। তাঁরাই এসবের দেখাশোনা করেন। যেহেতু জানতে পেরেছি, অফিস প্যানেল ও মিটিংয়ে বিষয়টি তাঁদের জানিয়ে দেব।’