নির্মাণকাজ শেষ হওয়ার এক বছর পর আমদানি করা গাড়ি রাখার জন্য চট্টগ্রাম বন্দরের মূল চত্বরের বাইরে ‘কার পার্কিং শেড’ চালু হয়েছে। গতকাল শনিবার সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বন্দর স্টেডিয়ামের সামনে এ শেডের উদ্বোধন করেন।
২৩ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ ৯২ হাজার বর্গফুট জায়গায় এই কার পার্কিং শেডে একসঙ্গে সাড়ে ৯০০ গাড়ি রাখা যাবে। ২০১৪ সালের ৯ মে শেডটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হয় গত বছরের ৮ মে।
বন্দরের জেটিতে জাহাজ থেকে গাড়ি নামানোর পর প্রায় এক কিলোমিটার দূরে এই কার শেডে গাড়ি নিয়ে আসার জন্য ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুটি ক্যারিয়ার (গাড়ি বহনকারী) সংগ্রহ করেছে বন্দর। প্রতিটি ক্যারিয়ারে একসঙ্গে ছয়টি গাড়ি আনা যাবে। মন্ত্রী গতকাল দুটি কার ক্যারিয়ারেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বন্দর-পতেঙ্গা এলাকার সাংসদ এম এ লতিফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল উপস্থিত ছিলেন।
নৌমন্ত্রী বলেন, বন্দর চত্বরে একসময় গাড়ির যন্ত্রাংশ, এমনকি টায়ারও চুরি হতো। প্রথম দিকে এসব সামলাতে হিমশিম খেতে হয়েছে। এখন গাড়ি নিরাপদে রাখার ব্যবস্থা হয়েছে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, কার শেড নির্মিত হওয়ার পর এক বছর তা ব্যবহৃত হয়নি। অলস পড়ে ছিল। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নীতিনির্ধারকদের আরও দূরদর্শী হওয়া উচিত।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেন, আগে চট্টগ্রাম বন্দরে খোলা আকাশের নিচে আমদানি করা গাড়িগুলো পড়ে থাকত। রোদ-বৃষ্টিতে নষ্ট হতো। বন্দরের কার শেডগুলো ধীরে ধীরে কনটেইনার রাখার চত্বরে পরিণত করা হবে।
বন্দর সূত্রে জানা যায়, নতুন শেড নির্মিত হলেও সিংহভাগ গাড়ি এখনো বন্দর চত্বরেই পড়ে থাকবে। কারণ, বন্দর চত্বরে আড়াই থেকে তিন হাজার গাড়ি সব সময় পড়ে থাকে। গতকাল ছিল ২ হাজার ৪২০টি গাড়ি। নতুন কার শেডে সর্বোচ্চ সাড়ে ৯০০ গাড়ির জায়গা হবে। তবে কার শেডে কয়েক স্তরে গাড়ি রাখার সুবিধা তৈরি করলে বন্দরের মূল চত্বরে গাড়ি রাখার দরকার হবে না। সে ক্ষেত্রে বন্দরের মূল চত্বরে গাড়ি রাখার জন্য নির্ধারিত ৩৯ হাজার ৭০২ বর্গমিটার এলাকায় কনটেইনার রাখার সুযোগ তৈরি করা যাবে।
কার পার্কিং শেড চালু করতে দেরি হওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শেডের নির্মাণকাজ শেষ হলেও কাস্টমসের সংরক্ষিত এলাকা ঘোষণার জন্য প্রয়োজনীয় আরও কিছু কাজ বাকি ছিল। গত মাসে এসব কাজ (সীমানাদেয়াল নির্মাণসহ আনুষঙ্গিক বিভিন্ন প্রক্রিয়া) শেষ করা হয়। এ কারণে শেডটি চালু করতে দেরি হয়েছে।