
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনের এক বছরের মধ্যেই এর দক্ষিণ-পূর্ব পাশের নিচের অংশের মাটি সরে গেছে। এ ছাড়া এর বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে। এতে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী অভিযোগ করেন, ‘ভবনটি অপরিকল্পিতভাবে বড়ইয়া নদীর খুব কাছে নির্মাণ করা হয়েছে। এতে বড়ইয়া নদীর প্রবল ঢেউয়ের কারণে ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ-পূর্বাংশ থেকে মাটি সরে গিয়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণ না করা হলে ভবনটি ধসে গিয়ে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া নির্মাণকাজে অনিয়ম হওয়ায় বৃষ্টি হলেই ভবনের বিভিন্ন কক্ষে পানি পড়ে। এতে কাজকর্ম করতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। এ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি চলতি বছরের ১৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছি।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। কাজটি পায় নূরা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ২৯ সেপ্টেম্বর স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন এই ভবনটি উদ্বোধন করেন।
১৫ আগস্ট বেলা দুইটায় সরেজমিনে দেখা যায়, জয়শ্রী ইউনিয়ন পরিষদ ভবনটি বড়ইয়া নদীর তীর থেকে ২০-২৫ ফুট দূরে অবস্থিত। ভবনের সভাকক্ষের দেয়াল বেশ কিছু স্থান ভেজা। এ ছাড়া ভবনটির দক্ষিণ-পূর্ব পাশের অংশটিতে বড়ইয়া নদীর পানির প্রবল ঢেউয়ের কারণে মাটি সরে গিয়ে ভাঙন শুরু হয়েছে।
কাজে অনিয়ম করার অভিযোগ অস্বীকার করে ঠিকাদার নাদির আহমেদ দাবি করেন, সুষ্ঠুভাবেই ভবনের নির্মাণসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী শাহ মো. আবদুল ওয়াদুদ গতকাল মঙ্গলবার বলেন, একজন সহকারী প্রকৌশলীকে ভবনটি সরেজমিনে পরিদর্শন করার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করার প্রয়োজনীয়তা এবং ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি যাচাই করে দেখবেন।
ইউএনও মো. মামুন খন্দকার বলেন, ‘উদ্বোধনের এক বছর পূর্ণ হওয়ার আগেই ইউপি ভবনের দুরবস্থার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রতিরক্ষা দেয়াল নির্মাণসহ ভবনটির যাবতীয় সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’