নির্মাণের এক বছরেই নদীতে বিলীন কমিউনিটি ক্লিনিক

কিশোরগঞ্জের বাজিতপুরে ভাঙনের কবলে পড়ে একটি কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গত সোমবার বিলীন হয়ে যাওয়া উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের আছানপুর গ্রামে অবস্থিত এই ক্লিনিকটি এক বছর আগে ১৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। এতে করে আছানপুরসহ লাগোয়া গ্রামের মানুষ সহজে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ হারিয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, দুই মাস আগে থেকে এবার ভাঙন দেখা দেয়। বেশ কিছু বাড়ি নদীগর্ভে চলে যায়।
অনেকে গ্রামের পতিত জায়গায় তাঁবু টানিয়ে বসবাস করে আসছে। দুই সপ্তাহ আগ থেকে ক্লিনিক এলাকায় ভাঙন দেখা দেয়। শেষে সোমবার ক্লিনিকটি পুরোপুরি নদীতে চলে যায়।
৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শরবিন্দু দাস বলেন, আছানপুরসহ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উপজেলা সদরে যেতে হলে নৌকার বিকল্প নেই। এই কারণে স্বাস্থ্যসেবা পেতে খুবই কষ্ট হতো। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ২০১৫ সালের জুন মাসে ক্লিনিকটি নির্মাণ করে দেয়।
নতুন যোগ দেওয়ায় এই বিষয়ে তেমন কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) এইচ আর সরকার উত্তম।