নির্মাণের এক বছরেই পরিত্যক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের করুম নদের ওপর ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামোটি (স্লুইসগেট ওয়্যার) এক বছরেই পরিত্যক্ত হয়ে গেছে। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণ করায় অবকাঠামোটির এ অবস্থা হয়েছে। ফলে সরকারের ৭৮ লাখ টাকার পুরোটাই অপচয় হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে জমিতে সেচ ও আমন মৌসুমে সম্পূরক সেচ-সুবিধার লক্ষ্যে চাকলাহাট ইউনিয়নের করুম নদে ৩০ মিটার দৈর্ঘ্যের এই স্লুইসগেট ওয়্যার নির্মাণ করা হয়। এতে রয়েছে ৫০ সেন্টিমিটারের দুটি গেট ও সাত ফুট উঁচু ওয়্যার। পানির প্রবাহ বাড়লে এই ওয়্যারের ওপর দিয়ে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ার কথা। ২০০৮-০৯ অর্থবছরে নির্মাণের পর ২০০৯ সালের জুলাইয়ে চাকলাহাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাছে তা হস্তান্তর করা হয়। কিন্তু গত বর্ষায় সঠিকভাবে পানি নিষ্কাশন না হওয়ায় উজানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে তীরবর্তী ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।স্থানীয় কৃষকদের অভিযোগ, গত বছরের ১৯ থেকে ২১ মে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল স্লুইসগেট ওয়্যার দিয়ে বেরিয়ে যেতে পারেনি। এতে উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে উত্তর ভাটিয়াপাড়া, মেহেরপাড়া, চাকলাহাট, বীরপাড়া, বড়বাড়ী ও নতুনবন্দর এলাকার প্রায় ৬০০ একর বোরো ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যায়। কৃষকদের দাবির মুখে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান এলাকা পরিদর্শন করে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে গত বছরের ২২ মে স্লুইসগেট-সংলগ্ন বাঁধ কেটে দেওয়া হয়। এর পর থেকে এ অবকাঠামোটি পরিত্যক্ত হয়ে আছে।এলাকার কৃষক মো. আনিছুর রহমান প্রধান বলেন, এই স্লুইসগেটের ফলে উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানির গতিপ্রকৃতি পর্যবেক্ষণ না করে অপরিকল্পিতভাবে এ স্লুইসগেট নির্মাণের ফলে সরকারের অর্থের অপচয় করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। চাকলাহাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান বলেন, ‘গেট বন্ধ করে রাখলে বোরো আবাদ করতে পারছেন না কৃষক, আবার গেট খুলে দিলে নদীতে পানি থাকছে না। পানিপ্রবাহের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ না করেই এখানে অপরিকল্পিতভাবে এ স্লুইসগেট নির্মাণ করায় কৃষকের জন্য এটি অভিশাপ হয়ে দেখা দেয়। এ ছাড়া সাত ফুট উঁচু ওয়্যারের কারণে সামনে পলি জমে নদী ভরাট হয়ে গেছে। এই অবকাঠামো কার্যকর করতে হলে সম্প্রসারণ, সংস্কার ও নদী খনন করতে হবে। পাশাপাশি গেটের সংখ্যাও বাড়াতে হবে।’স্থানীয় সাংসদ মো. মজাহারুল হক প্রধান বলেন, ‘অপরিকল্পিতভাবে ও আকারে ছোট এই অবকাঠামো নির্মাণের ফলে উজানে অনেক কৃষকের ফসল পানিতে তলিয়ে যায়। কৃষকের স্বার্থে বাঁধ কেটে দেওয়া হয়েছে। নতুন করে বড় আকারের অবকাঠামো নির্মাণের জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে।’এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে দাস বলেন, ‘ওই স্লুইসগেট ওয়্যারটি কৃষকের কোনো কাজে আসেনি। গেটের পাশে বাঁধ কেটে দেওয়ায় এটি এখন পরিত্যক্ত। এ অবকাঠামোটি নতুন করে আরও বড় আকারে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এলজিইডির প্রধান কার্যালয়ের পরামর্শকেরা প্রকল্প এলাকা পরিদর্শন করে গেছেন।’