নির্মাণের এক বছরের মাথায় কালভার্টে ফাটল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার গড়িয়াবুনিয়া গ্রামে একটি কালভার্ট নির্মাণের এক বছর ঘুরতে না ঘুরতেই এর ডানা প্রাচীরে (উইংওয়াল) ফাটল ধরেছে। এতে কালভার্টটি চরম ঝুঁকিতে রয়েছে। কালভার্টটির ফাটল ধরা ওই অংশ বর্তমানে কাঠ দিয়ে আটকে রাখা হয়েছে।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের গ্রামীণ সড়কে ছোট সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৪-১৫ অর্থবছরে বেতাগীর বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের আরসি রোডের আনিচ চেয়ারম্যান বাড়ির পশ্চিম পাশে ১৬ ফুট দীর্ঘ একটি কালভার্টের দরপত্র আহ্বান করা হয়। বরগুনার ঠিকাদার প্রতিষ্ঠান পারভেজ এন্টারপ্রাইজ ১৪ লাখ ৪ হাজার ৯৯৮ টাকা ব্যয় সাপেক্ষে এই সেতুর নির্মাণকাজের দায়িত্ব পায়। ২০১৫ সালের ১৭ মে কাজটি সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ঠিকাদার শর্ত অনুযায়ী কাজ না করায় নির্মাণের কিছু দিন যেতে না যেতেই কালভার্টের উত্তর পাশের উইংওয়াল ফেটে যায় এবং বর্তমানে দক্ষিণ পাশের উইংওয়ালেও ফাটল ধরে। উত্তর পাশের উইংওয়ালের ওপরের অংশ কাঠ দিয়ে আটকে এবং নিচের অংশে গাবগাছের খুঁটির সঙ্গে তার দিয়ে বেঁধে রাখা হয়েছে।
অপরদিকে কালভার্টটির দুই প্রান্তের সংযোগসড়কে মাটি না ফেলায় চলাচলে দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার লোকজন। ইতিমধ্যে কিছু মাটি ভরাট করা হলেও এখনো সড়কের চেয়ে নিচু থাকায় ওঠানামা করতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা।
বেতাগীর সদ্য বিদায়ী পিআইও শামীমা আক্তার বলেন, কাজে অনিয়ম হয়নি। যে জায়গায় ফাটল ধরেছে তা সংস্কার না হওয়া পর্যন্ত কাজের জামানত আটকে রাখা হয়েছে।
ঠিকাদার মঞ্জুরুল কবির পারভেজ বলেন, এলাকার লোকজন কালভার্টের সংযোগসড়কের পাশের মাটি কেটে নেওয়ায় ফাটল ধরেছে। শিগগিরই তা মেরামত করে দেওয়া হবে।