
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২৮৫ মিটার পাকা সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে গত ৩০ জুন। এতে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। কিন্তু এক মাস না হতেই ভারী বৃষ্টিতে কয়েকটি স্থান ধসে পড়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, ১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ২৮৫ মিটার দৈর্ঘ্যের মহাসড়ক বিভাজকসহ কার্পেটিং করে পাকা করা হয়েছে। ঢাকার মেসার্স রফিক কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করেছে। স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ তদারক করেন রাজবাড়ীর মোস্তাফিজুর রহমান। ৩০ জুন এ কাজ শেষ হয়। সপ্তাহখানেক আগে সড়কের এ অংশের পাশ দিয়ে ফাটল দেখা দেয় এবং গত রোববার থেকে ধসে পড়তে শুরু করে।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, গোয়ালন্দ বাসস্ট্যান্ডের পর থেকে পদ্মার মোড় পর্যন্ত চার-পাঁচটি স্থানে মহাসড়কের কিনারা ধসে গেছে। এমনকি নালাসহ সড়ক ধসে খোয়া ও পাথর বের হয়ে গেছে। কিছু স্থানে ২০ থেকে ৩০ ফুট অংশ নিয়ে ধসে মহাসড়কের পাশে নেমে গেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা শেখ মো. ছবেদ আলীর বাড়ির সামনের অংশে গত সোমবার বিকেলে কলাবোঝাই একটি ট্রাক সড়ক ধসে উল্টে পাশের খাদে পড়ে যায়। পরে ক্রেনের সাহায্যে ট্রাকটি টেনে তোলা হয়। এ ছাড়া পদ্মার মোড় এলাকার অন্তত ৫০ মিটার অংশজুড়ে বিশাল ফাটল দেখা দিয়েছে। এ পরিস্থিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক বালুর বস্তা ফেলার প্রস্তুতি নিচ্ছেন।
শ্রমিক আমজাদ শেখ ও মোনছের হোসেন বলেন, ভারী বৃষ্টির কারণে চার-পাঁচটি স্থানের সড়ক ধসে গেছে। কিছু স্থানে নালাসহ ধসে পড়েছে। ১৭ থেকে ১৮ জন শ্রমিক বালুভর্তি বস্তা ফেলে মহাসড়ক রক্ষার কাজ শুরু করছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সড়কের নাজুক পরিস্থিতির কারণে দ্রুতগামী যানবাহন খুব সতর্কতার সঙ্গে চলাচল করছে। গত সোমবার দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই পণ্যবাহী ট্রাকটি সড়ক ধসে খাদে পড়ে যায়। যেকোনো মুহূর্তে এমন আরও দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
সওজের রাজবাড়ী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহরিয়ার রুমী গতকাল বেলা সোয়া একটার দিকে বলেন, ‘সড়কের কাজ আমরা বুঝে নিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব এখনো রয়েছে। যে কারণে কোনো প্রকার ক্ষতির দায়ভার আমরা বহন করব না। ভারী বৃষ্টির কারণে কয়েকটি স্থান ধসে পড়ায় দ্রুত সংস্কারকাজ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। ইতিমধ্যে তারা বালুভর্তি বস্তা ফেলাসহ অন্যান্য কাজ শুরু করেছে।’