নির্মাণের চার বছরেই ২৫টি ভবন ঝুঁকিপূর্ণ!
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ও বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এসব ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি)। নির্মাণের চার বছরের মাথায় অনেকগুলো ভবনের ছাদসহ বিভিন্ন অংশ ফেটে দেবে যাওয়ায় নির্মাণকারী প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
ব্রাহ্মণপাড়া এলজিইডি কার্যালয় সূত্রে জানায়, প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে প্রাথমিক বিদ্যালয়ের ২৫টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা উপজেলা এলজিইডি কার্যালয়ে পাঠানো হয়েছে। উপজেলা প্রকৌশলী এসব ভবন পরীক্ষা করে আটটি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে। যেসব বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ করা হয়েছে সেগুলো হলো আশাবাড়ি, ব্রাহ্মণপাড়া, বড়ধুশিয়া, পূর্ব চণ্ডীপুর, মহালক্ষ্মীপাড়া, কালামুড়িয়া, রামনগর ও পুষ্কুনীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব ভবনের মধ্যে চারটি ভবনের তথ্য উপজেলা এলজিইডি কার্যালয়ে পাওয়া গেলেও বাকিগুলোর কোনো নথি বা তথ্য পাওয়া যায়নি।
উপসহকারী প্রকৌশলী মো. আবুল খায়ের মজুমদারের কাছ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, কালামুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবনের নির্মাণকাজ ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর শুরু হয়ে ২০০৯ সালের ২৫ জানুয়ারি শেষ হয়। ১৮ লাখ ৫৮ হাজার ৩২১ টাকা ব্যয়ে উপজেলার সাহেবাবাদ গ্রামের মো. ফরিদ উদ্দিনের মেসার্স মামুন এন্টারপ্রাইজ কাজটি সম্পাদন করে। আশাবাড়ি ও মহালক্ষ্মীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের কাজ পায় কুমিল্লার বাগিচাগাঁও এলাকার মেসার্স এম এ জাহের। আশাবাড়ির ভবনটি ১১ লাখ ৯৪ হাজার ৪৪৬ টাকা ও মহালক্ষ্মীপাড়ার ভবনটি ১২ লাখ ৪০ হাজার ৪২৮ টাকা ব্যয়ে নির্মিত হয়। এই দুটি ভবনের নির্মাণকাজ শুরু ও শেষের তথ্য এলজিইডি কার্যালয়ে পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে শুরু হয়ে ২০০৯ সালে কাজ শেষ হয়েছে। ৩৩ লাখ ১১ হাজার ৯৬২ টাকা ব্যয়ে বড়ধুশিয়ার ভবনটি নির্মাণের কাজ ২০০৮ সালের ২৫ নভেম্বর শুরু হয়ে ২০০৯ সালের ২৮ অক্টোবরে শেষ হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চারটি ভবনই চার বছরের মাথায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। চারটি ভবনের প্রথম ও চূড়ান্ত বিলে সই করেন উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, মো. হারুন-অর-রশিদ, সামছুল আলম এবং উপজেলা প্রকৌশলী জহিরুল হক, ওয়ালীদ মাহমুদ ও মো. সফিকুল ইসলাম ভুইয়া।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমীন বলেন, ঠিকাদারের অধিক লাভের লোভ ও প্রকৌশলীদের দুর্নীতির কারণে তিন-চার বছরের মধ্যে ভবনগুলোর এ দুরবস্থা হয়েছে। এর খেসারত দিতে হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত, দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে বিদ্যালয়ের ২৫টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে আমার কাছে পাঠানো হয়েছে। আমি সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে আটটি বিদ্যালয়ে ভবনের ছাদ ও বিভিন্ন অংশে ফাটল দেখতে পাই। পরে এসব বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।’
এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এস এম মহসিন জানান, নির্মাণের তিন-চার বছরের মধ্যে ভবন ঝুঁকিপূর্ণ হবে—এটা ভাবাই যায় না। দায়িত্বশীলদের গাফিলতির কারণে এ রকম ঘটনা ঘটতে পারে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।