নির্মাণের চার বছরেও চালু হয়নি আধুনিক কাঁচাবাজার

গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর বাজারে নির্মাণের চার বছর পরও চালু হয়নি আধুনিক কাঁচাবাজার (কিচেন মার্কেট)। ১৮ হাজার ৬০০ বর্গফুটের এই মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে জটিলতার কারণে এটি চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জয়দেবপুর বাজারে নির্ধারিত দোকান না থাকায় এখানকার কাঁচাবাজার ও মাছ ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বেচাবিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে বিপাকে পড়েছেন শহরের ক্রেতা-বিক্রেতা উভয়েই। ২০০৯ সালের ২৩ জুলাই জয়দেবপুর বাজার কিচেন মার্কেট নির্মাণের জন্য গাজীপুর পৌরসভার পক্ষ থেকে কার্যাদেশ দেওয়া হয়। ওই বছরের ১৫ ডিসেম্বর তৎকালীন গাজীপুর পৌরসভার মেয়র বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মার্কেটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের ১২ এপ্রিল মার্কেটের নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দোতলা এই মার্কেটটি নির্মাণ করতে ব্যয় হয় ৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৩৭০ টাকা। ১৮ হাজার ৬০০ বর্গফুট জায়গার ওপর নির্মিত এই মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, তরকারি ও অন্যান্য দোকান। দোতলায় রয়েছে রকমারি দোকানের ব্যবস্থা। গাজীপুর পৌরসভাকে ২০১৩ সালের ১৬ জানুয়ারি সিটি করপোরেশন করা হয়। ওই বছরের ৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) এম এ মান্নান কিচেন মার্কেটের উদ্বোধন করেন।
জয়দেবপুর বাজারের মুরগি ব্যবসায়ী মো. নিয়ত আলী বলেন, ১ লাখ ২২ হাজার টাকা জমা দিয়ে কিচেন মার্কেটে তিনি একটি দোকান বরাদ্দ পান। কিন্তু এখনো ওই দোকানে উঠতে পারেননি তিনি।
আরেক ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘দোকানের জায়গার অভাবে আমরা বাইরে খোলা জায়গায় বসে ব্যবসা করতে বাধ্য হচ্ছি। মাঝেমধ্যে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে আমাদের রাস্তার পাশ থেকে সরিয়ে দেয়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দোকান চালালেও জায়গার অভাবে বেশি মালামাল রাখতে পারি না।’
কিচেন মার্কেটের দোতলায় দোকান বরাদ্দ পেয়েছেন মুরগি ব্যবসায়ী মো. রায়হান মিয়া। তিনি বলেন, স্বচ্ছন্দে ব্যবসা করার জন্য আট লাখ টাকা ব্যয় করে দোকান বরাদ্দ নেন তিনি। দীর্ঘদিন হয়ে গেলেও এখন পর্যন্ত তাঁদের দোকান বুঝিয়ে দেয়নি সিটি করপোরেশন।
জয়দেবপুর বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা নিখিল চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরে মাছের বাজার স্থানান্তর করা হচ্ছে না। বিভিন্ন সময়ে সিটি করপোরেশনের কিচেন মার্কেট চালু করার দাবি জানালেও নানা কারণ দেখিয়ে তা দেরি করা হচ্ছে। এতে দুই শতাধিক মাছ ব্যবসায়ী বাঁশ ও টিনের চালা তৈরি করে মাছ বিক্রি করছেন।
জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতা মো. এমারত হোসেন বলেন, সবজি ব্যবসায়ীদের মধ্যে ২০-২৫ জন প্রকৃত ব্যবসায়ী সিটি করপোরেশন থেকে বরাদ্দ পেয়েছেন। বাকি দোকানগুলো অন্য ব্যবসায়ীরা পেয়েছেন বলে তিনি দাবি করেন। তারপরও দ্রুত নতুন কিচেন মার্কেটে ব্যবসায়ীদের নিয়ে যাওয়ার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান বলেন, মার্কেটটি নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে। জটিলতা শেষ করে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে দোকানগুলো বরাদ্দ দেওয়া হবে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েরই সুবিধা হবে।