নির্মাণের চার বছরেও চালু হয়নি কৃষক বাজার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ফুলদিঘি বাজারে স্থানীয় কৃষকদের সহযোগিতার জন্য ৪২ লাখ টাকা ব্যয়ে আলাদা ‘কৃষক বাজার’ নির্মাণের পর চার বছর পার হলেও তা চালু হয়নি।স্থানীয় হিন্দা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হালিম খান বলেন, এই কৃষক বাজার কেন চালু হচ্ছে না এলাকাবাসী তা জানে না। তবে ভবনটি নির্মাণের সময়ই দেয়ালে ফাটল ধরেছিল। আর এখন নষ্ট হতে চলেছে। একই ধরনের কথা বলেন ফুলদিঘি মাদ্রাসার সহকারী শিক্ষক বদরুজ্জামান, পাশের আকলাস শ্যামপুর শিবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকাম উদ্দিনসহ কয়েকজন। আলপুর ইউনিয়নের নশিরপুর ও রঘুনাথপুর সোহেলা পাড়া এলাকার সাতটি গ্রামের কৃষক প্রচুর শাকসবজি চাষ করেন। এলাকায় সচেতনতা বৃদ্ধি করলে শাকসবজি চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়তে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এনসিডিপি সদস্যদের মধ্যে মার্কেটটি দেওয়া হয়েছিল কিন্তু তারা চালু করতে পারেননি। অচিরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই মার্কেটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান বলেন, ‘এলাকার উন্নয়নে মার্কেটটি চালু করা হবে।’ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নর্থ ওয়েস্ট ক্রোপ ডাইভারসিফিকেশন প্রজেক্ট (এনসিডিপি) ২০০৮ সালে উপজেলার ফুলদিঘি বাজারে ৪২ লাখ টাকা ব্যয়ে এই কৃষক বাজার (গ্রোয়ার্স মার্কেট) নির্মাণ করা হয়। এ বাজারে মেয়েদের জন্য পৃথক চারটিসহ ১৪টি বড় দোকান ও একটি অফিস কক্ষ আছে। কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বিক্রি করে লাভবান হতে পারেন এবং ভোক্তারাও কম দামে তা কেনার সুবিধা পান সে জন্য এই বাজার নির্মাণ করা হয়েছে।