নির্মাণের চার বছরের মাথায় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণের ​চার বছরের মাথায় জয়পুরহাটের চাকলমুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে এভাবে ফাটল ধরেছে। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো
নির্মাণের ​চার বছরের মাথায় জয়পুরহাটের চাকলমুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে এভাবে ফাটল ধরেছে। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো

জয়পুরহাটের কালাই উপজেলার চাকলমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মাণের চার বছরের মাথায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
কিন্তু শ্রেণিকক্ষের সংকটের কারণে ভবনটির একটি কক্ষে ঝুঁকির মধ্যেই পাঠদান কার্যক্রম চলছে।
জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে ওই ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেন। তিনি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।
কালাই উপজেলা প্রকৌশল বিভাগ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ২০০৮-৯ অর্থবছরে চাকলমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৯ লাখ ৯৭ হাজার টাকা। পরে দরপত্র অনুযায়ী ১৫ লাখ ৯০ হাজার টাকা চুক্তিতে ভবন নির্মাণের দায়িত্ব পায় বগুড়ার এআরএম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনটির নির্মাণকাজ ২০০৯ সালে শুরু হয়ে ওই বছরের ৩০ অক্টোবর শেষ হয়। ২০১০ সালের ১৮ মার্চ ভবনটির উদ্বোধন করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠের পূর্ব পাশে দুই কক্ষের পাকা ভবন। সেটির দেয়ালে ফাটল ধরেছে ও মেঝে দেবে গেছে। মাঠের দক্ষিণ পাশে চার কক্ষের আধা পাকা টিনশেডের একটি ভবন। এর একটিতে শিক্ষকেরা বসেন। এর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের কক্ষটির দেয়ালে বড় ধরনের ফাটল থাকায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। শেরেবাংলা নামের কক্ষটির ওপরের টিন ফুটো। একমাত্র ড. মুহম্মদ শহীদুল্লাহ কক্ষটির অবস্থা মোটামুটি ভালো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, বিদ্যালয় ভবনটিতে ফাটল ও মেঝে দেবে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় সবাই আতঙ্কে আছেন। শ্রেণিকক্ষের সংকটের কারণে বাধ্য হয়ে পুরোনো ভবনের দক্ষিণ পাশের একটি কক্ষে তাঁরা পাঠদান করছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, পাঠদান শুরুর মাত্র দুই-তিন বছরের মাথায় ভবনটিতে ব্যাপক ফাটল ধরে ও মেঝে দেবে যায়। তারপরও শ্রেণিকক্ষ-সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনের একটি কক্ষে পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ও চতুর্থ শ্রেণির শামিম হোসেন বলে, বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় আতঙ্ক নিয়ে তারা ক্লাস করে।
কালাই উপজেলা শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম ৯ সেপ্টেম্বর বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বলেন, সরেজমিনে দেখার পর বিদ্যালয়ের ওই ভবনটি তাঁর কাছে অধিক ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তিনি বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলীকেও লিখিতভাবে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পরবর্তী করণীয় সম্পর্কে তিনি কোনো নির্দেশনা পাননি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ বলেন, বিদ্যালয়ের ওই ভবনটি সরেজমিনে পরিদর্শনের পর তা ঝুঁকিপূর্ণ দেখা গেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছেন। ভবনটি ব্যবহারের পুরোপুরি অনুপযোগী বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে কথা বলতে গত বুধবার ও গতকাল শনিবার ভবন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বগুড়ার এ আর এম এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।