নির্মাণের চার মাসের মধ্যেই ভবনে ফাটল!
নির্মাণের চার মাসের মধ্যেই নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নতুন ভবনে ফাটল দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। আসবাবপত্রগুলোও সরবরাহ করা হয়েছে নিম্নমানের।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের একাধিক কক্ষের দেয়ালে ফাটল ধরেছে। ওষুধ রাখার তাক ভেঙে পড়ছে।
ফার্মাসিস্ট খোরশেদ আলম বলেন, ‘একটি আসবাবপত্রও ব্যবহারের উপযোগী নয়, অত্যন্ত নিম্নমানের। আলমারিগুলো সরবরাহের পর এক দিনও ব্যবহার করা যায়নি। তা ছাড়া যেভাবে দেয়ালে ফাটল ধরেছে, তাতে ভয় হয় কখন না ভেঙে পড়ে।’
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এক বছরের কাজ শেষ করা হয়েছে প্রায় সাড়ে তিন বছরে। কেন্দ্রের সামনে গভীর গর্ত করে সেখান থেকে মাটি নিয়ে ভবনের মেঝে ভরাট করা হয়েছে। অথচ ওই মাটি বাইরে থেকে আনার কথা ছিল।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০১০ সালের ৩০ ডিসেম্বর ওই কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৯৪ লাখ টাকা। কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিউলী এন্টারপ্রাইজ। ১২ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলে শেষ করতে সময় লেগে যায় তিন বছর চার মাস।
নোয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সেকান্দর আলী বলেন, নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রটির দেয়ালে ফাটলসহ বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় এরই মধ্যে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।
দেয়ালে ফাটল নির্মাণ ত্রুটি নয় দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এনামুল হক প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণে কোনো ত্রুটি হয়নি। তার পরও কর্তৃপক্ষ যেহেতু চিঠি দিয়েছে, তাই তিনি নিজে গিয়ে দেখে ছোটখাটো কোনো সমস্যা থাকলে সারিয়ে দেবেন।