>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
বরিশাল সদর উপজেলার চর আইচা মার্কেট থেকে কালীখোলা কালভার্ট পর্যন্ত সড়কটির কয়েকটি স্থানে ধস নেমেছে। ২৫ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্যের এই পিচঢালা সড়কের নির্মাণ শেষ হয় গত জুন মাসে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ও যথাযথভাবে পাইলিং না করায় সড়কটির এই দশা হয়েছে। সড়কটির ২০-২৫ ফুট ধরে পাশের খালে ধসে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে পল্লী বিদ্যুতের একটি খুঁটি।
বরিশাল-ভোলা মহাসড়কের চর আইচা মার্কেট থেকে পশ্চিমে সিদ্দিক বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ইট বিছানো সড়কটি কীর্তনখোলা নদীর তীরে গিয়ে মিশেছে। গত অর্থবছরে দেড় কিলোমিটারের এই সড়কের অর্ধেক অংশ কার্পেটিং করা হয়। সদর উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এ কাজ হয়।
বরিশাল সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের (পিএমপি) আওতায় চর আইচা থেকে কালীখোলা কালভার্ট পর্যন্ত প্রায় ৬০০ মিটার নির্মাণের কাজ পান ঠিকাদার রায়হানুল ইসলাম। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে এ কাজ শেষ হয় গত জুন মাসে।
গত বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, চর আইচা মার্কেট থেকে কালীখোলা কালভার্ট পর্যন্ত ৬০০ মিটার সড়কে দুটি স্থানে ধস নেমেছে। এর মধ্যে বুরজুগ আলীর বাড়ির সামনে ৮-১০ ফুট এবং আবদুস সালামের বাড়ির সামনে অন্তত ৯০ ফুট অংশ ধসে পড়েছে খালের মধ্যে। আবদুস সালামের বাড়ির সামনের অংশে অন্তত ৯০ ফুট ধরে ধস নামায় সেখানে স্থাপিত পল্লী বিদ্যুতের একটি খুঁটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, গত নভেম্বর মাসের প্রথম দিকে এই দুটি স্থানে ধস নামতে থাকে। ধস নামার পর এক মাসের বেশি পার হলেও তা বন্ধে উদ্যোগ না নেওয়ায় তা আরও বাড়ছে। তাঁরা অভিযোগ করেন, পুরো সড়কটির পাশ দিয়ে গভীর খাল প্রবাহিত। এই খালে যথাযথভাবে পাইলিং না করায় আপনা-আপনি সড়কের এসব অংশ ধসে খালে পড়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবদুস সালাম জানান, সড়ক ধসে পড়া নিয়ে তাঁদের যত না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি দুশ্চিন্তা একটি বিদ্যুতের খুঁটি নিয়ে। ওই সড়কের তাঁর বাড়ির সামনে পল্লী বিদ্যুতের একটি খুঁটি ধসের মুখে পড়েছে। যেকোনো সময় সড়কের সঙ্গে ওই খুঁটিটিও খালে ধসে পড়ার উপক্রম হয়েছে। এই খুঁটিটি ধসে পড়লে এই এলাকার প্রায় ৫০টি পরিবারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। এ আশঙ্কায় তাঁরা নিজ উদ্যোগে মেহগনিগাছ পুঁতে বিদ্যুতের খুঁটিটি রক্ষার চেষ্টা করছেন।
ঠিকাদার রায়হানুল ইসলাম বলেন, দ্রুত কাজ শেষ করতে গিয়ে যথাযথভাবে পাইলিং করা সম্ভব হয়নি। তবে দরপত্রের শর্তানুযায়ী কাজ করা হয়েছে।
যোগাযোগ করা হলে বরিশাল সদর উপজেলা প্রকৌশলী মো. মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কাজের মান খারাপ হয়নি, তবে সড়কের পাশে খাল থাকায় সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ওই অংশ ধসে গেছে। আমরা মেরামত করার ব্যবস্থা নিচ্ছি।’