নির্মাণের ছয় মাসেই সাত কিলোমিটারে খানাখন্দ

বরিশাল-গোপালগঞ্জ সড়কের আগৈলঝাড়া থেকে পয়সারহাট অংশের প্রায় সাত কিলোমিটার সড়ক নির্মাণের ছয় মাসের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
১৭ আগস্ট সরেজমিনে দেখা যায়, প্রায় সাত কিলোমিটার সড়কের অধিকাংশ অংশে ফাটল ধরেছে। রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দুই পাশের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সড়কের বিভিন্ন অংশে মেরামতের কাজ করছে।
এ সময় ফরহাদ হোসেন নামে এক শ্রমিক জানান, গত ১৫ দিনে তাঁরা প্রায় ১০০টির মতো স্থানে খানাখন্দ মেরামত করেছেন এবং এখনো কাজ চলছে।
সওজ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল-গোপালগঞ্জ সড়কটিকে ১৯৯৬ সালে আন্তজেলা সড়কে উন্নীত করে সড়কটির উন্নয়নে একটি প্রকল্প নেওয়া হয়। সওজ ২০০৯-২০১০ অর্থবছরে এ সড়কের আগৈলঝাড়া থেকে পয়সারহাট অংশের সেতু-কালভার্টসহ ৬ দশমিক ৭ কিলোমিটার সড়ক নির্মাণে ২১ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। প্রকল্প বাস্তবায়নে ২০১০ সালের আগস্টে দরপত্র আহ্বান করা হয়। পরে অক্টোবরে ফরিদপুরের সেঙ্গুইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। পরে ঠিকাদার ফেরদৌস মিয়া এ কাজ করেন। ২০১২ সালে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার দুই দফা সময় বাড়িয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তা শেষ করেন।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের লোকজন কাজের গুণগত মান খারাপ করেছে। তাই কাজ শেষ হতে না হতেই রাস্তাটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
আগৈলঝাড়া সদরের হারুন অর রশিদ, ফুলশ্রীর সিরাজ হাওলাদার, কান্দিরপাড়ের নির্মল বাড়ৈসহ কয়েকটি এলাকার বেশ কয়েকজন জানান, ঠিকাদার নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। এমনকি অনেক অংশেই রোলার ব্যবহার করেননি। ফলে নির্মাণ করতে না করতেই সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
বাসচালক স্বপন সরদার, আরিফ হোসেন, আবুল হোসেনসহ কয়েকজন জানান, নতুন সড়ক নির্মাণের পর রাস্তার কার্পেটিংয়ের পিচ, পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে বাস চালাতে খুব সমস্যা হচ্ছে।
অভিযোগের ব্যাপারে ঠিকাদার ফেরদৌস মিয়া বলেন, অতিবৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়নি।
সওজ বরিশাল বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুল মোতালেব মিয়া বলেন, সড়কের সমস্যার কারণে ঠিকাদার ফেরদৌস মিয়ার জামানত আটকে রাখা হয়েছে। এখন সড়ক সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।