নির্মাণের ছয় মাসেই উঠে গেছে মেঝের পলেস্তারা
নির্মাণের ছয় মাস পরই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের মেঝের পলেস্তারা উঠে গেছে। এতে ধুলাবালুর কারণে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে থাকতে পারছে না।সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে ভবনের এই অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যালয়ে নিম্নমানের কাজের জন্য তিনি উপজেলা প্রকৌশল দপ্তরের উদাসীনতাকে দায়ী করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভবনটি নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরের তদারকির ঘাটতি ছিল বলেই ঠিকাদার নিম্নমানের কাজ করেছেন। এখন কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন নির্মাণে ১৫ লাখ ছয় হাজার টাকার কাজটি পায় ক্ষেতলালের গাজিউল হক অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ শেষে ২০১১ সালের ১ জুন ভবনটি হস্তান্তর করা হয়।৮ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, ভবনের মেঝের পলেস্তারা উঠে শ্রেণীকক্ষ বালুতে একাকার হয়ে গেছে। সেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান চলছে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র নুর ইসলাম বলে, ‘বালুর কারণে আমরা শ্রেণীকক্ষে বেশিক্ষণ থাকতে পারি না।’সহকারী শিক্ষিকা আকরামুল লায়লা জানান, বালুর কারণে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে থাকতে চায় না। প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান, ঠিকাদার ভবন হস্তান্তরের পরেই সেখানে পাঠদান শুরু হয়। কিন্তু গত জানুয়ারি মাস থেকে পলেস্তারা উঠতে শুরু করে। সব পলেস্তারা উঠে বালু বের হচ্ছে। এ কারণে শ্রেণীকক্ষে পাঠদানে অসুবিধা হচ্ছে। উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।উপজেলা প্রকৌশলী হূদয় চন্দ্র দাস জানান, ঠিকাদার এখনো জামানতের টাকা ফেরত পাননি। তাঁকে আবার মেঝের কাজ করতে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদার কাজ শুরু না করলে জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে। নির্মাণকাজে তদারকির কোনো কমতি ছিল না বলে তিনি দাবি করেন। ঠিকাদার খালেদুল মাসুদ জানান, তিনি শিগগির কাজ শুরু করবেন।