নির্মাণের তিন দিনের মধ্যেই ভেঙে পড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সড়ক ভেঙে যাওয়া ঠেকাতে একটি গাইড ওয়াল নির্মাণের তিন দিনের মধ্যেই ভেঙে গেছে। এ ছাড়া আরও দুটি গাইড ওয়াল হেলে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করায় এ অবস্থা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাঁচ লাখ টাকা ব্যয়ে উপজেলার সইপাড়া-ভবানীগঞ্জ সড়কের সইপাড়া, হাসনিপুর ও গোপালপুরে তিনটি গাইড ওয়াল নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগ একটি প্রকল্প নেয়। রাজশাহী নগরের ওয়াজির রহমান নামের একজন ঠিকাদার কাজটি পান। তিনি গত মাসে এক সপ্তাহের মধ্যে কাজটি দায়সারাভাবে শেষ করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। নির্মাণকাজ শেষ করার তিন দিনের মধ্যে ২৯ জুন গোপালপুরের গাইড ওয়ালটি ভেঙে পাশের পুকুরে পড়ে। এ ছাড়া অন্য দুটি গাইড ওয়ালও হেলে পড়েছে। স্থানীয় একাধিক প্রকৌশলী জানান, যে পরিমাণ রড, সিমেন্ট, পাথর ব্যবহার করার কথা ছিল, ঠিকাদার তা করেননি। প্রকল্পের তদারককারী রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুস সোবহান বলেন, নির্মাণকাজের নয়, পরিবেশগত ত্রুটির কারণে ওয়ালটি ভেঙে গেছে। তিনি জানান, ঠিকাদার দ্রুত কাজ শেষ করে বিল নেওয়ার চেষ্টা করেছেন। তাই কাজটি ভালোভাবে শেষ হয়নি। ফলে তা ভেঙে গেছে। ঠিকাদারকে এখনো বিল দেওয়া হয়নি। ঠিকাদার ওয়াজির রহমান নিম্নমানের কাজ করার কথা অস্বীকার করে জানান, তাঁর কিছু ত্রুটির কারণে ওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তড়িঘড়ি করে কাজ শেষ করার কারণেই এ ক্ষতি হয়েছে বলে তিনি স্বীকার করেন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘নির্মাণ শেষের তিন দিনের মধ্যেই গাইড ওয়ালটি ভেঙে গেল। তাই কাজের মান কেমন হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।’