নির্মাণের তিন বছর পরও চালু হচ্ছে না ৫০ শয্যার কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু তিন বছর পরও এ স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়নি। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত মানুষ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। চার কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে তিনটি আধুনিক অস্ত্রোপচার কক্ষসহ আধুনিক ভবন নির্মাণ করা হয়। চিকিৎসকদের আবাসিক ভবনও নির্মাণ করা হয়। ২০০৯ সালে নির্মাণকাজ শেষ হয়। স্বাস্থ্য বিভাগ ওই বছরই নতুন ভবন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেয়। ওই বছরের শেষদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য কমপ্লেক্সটি চালুর জন্য প্রশাসনিক অনুমোদন দেয়। এর পরও এটির কার্যক্রম শুরু হয়নি।এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে আছেন মাত্র একজন। ১৮ জন চিকিৎসা কর্মকর্তা ও চিকিৎসকের মধ্যে আছেন পাঁচজন। ১৩টি পদে চিকিৎসক নেই। ডেন্টাল সার্জনও নেই। ১৭ জন সেবিকার মধ্যে কর্মরত আছেন মাত্র চারজন। ১২ জন সহকারী সার্জনের স্থলে আছেন পাঁচজন। প্রতিদিন বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকেই চিকিৎসা না পেয়ে বাড়ি ফেরেন বলে অভিযোগ রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘হাওরের ইটনা, মিঠামইন ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে এখানে প্রতিদিন গড়ে ৩০০ রোগী আসে। চিকিৎসক ও কর্মচারী সংকটের কারণে রোগীদের চিকিৎসা দিতে আমাদের হিমশিম খেতে হয়।’ কর্মচারীদের একটি সূত্র জানায়, নতুন ভবনে তিনটি অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ রয়েছে। এখানে প্রসূতি মায়েদের অস্ত্রোপচারের জন্য বিশেষ কার্যক্রম চালু হবে। এ ছাড়া ছোট-বড় অস্ত্রোপচার এ স্বাস্থ্য কমপ্লেক্সেই করা সম্ভব হবে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সাইদুজ্জামান জানান, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হলে অবস্থার উন্নতি হবে। সিভিল সার্জন হোসাইন সারোয়ার খান বলেন, চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল না থাকায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু করা যাচ্ছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করা যায়, শিগগিরই চালু করা যাবে।