নির্মাণের তিন বছরেই সেতুতে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কুড়ালিয়াকান্দা গ্রামে নির্মাণের তিন বছরেই ধসে গেছে একটি সেতু। সেতুটি ধসে যাওয়ায় বর্তমানে তিন গ্রামের প্রায় তিন হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বানিয়াপাড়া গ্রামে সেতুটির মাঝামাঝি দেবে গিয়ে একপাশে কাত হয়ে পড়েছে। সেতুর দুই পাশের উইং ওয়ালের মাটি সরে গেছে ও ওয়ালে একাধিক ফাটলের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেতুর গাইড ওয়াল ও দুই পাশের রেলিং ভেঙে গেছে। এক বছর আগে থেকেই সেতুটির বিভিন্ন অংশ নষ্ট হতে থাকে। এলাকাবাসী বর্তমানে সেতুর পূর্ব পাশের ধানখেতের ওপর দিয়ে যাতায়াত করছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কুড়ালিয়াকান্দা রাস্তার পাশের খালের ওপর ২০১১ সালের ২৫ ডিসেম্বর ৩৩ ফুট দীর্ঘ এই আরসিসি সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি তা শেষ হয়। মেসার্স আলবেরুনি কনস্ট্রাকশন এটি নির্মাণ করে। সেতুটির ব্যয় ধরা হয় ২১ লাখ ২০ হাজার ৮১৮ টাকা।
বানিয়াপাড়া গ্রামের ইলিয়াছ উদ্দিন বলেন, সংশ্লিষ্ট কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে সেতুর ঠিকাদার তড়িঘড়ি করে সেতুটির নির্মাণকাজ শেষ করেন। দরপত্রের শর্তাবলি না মেনে সেতুটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ফলে নির্মাণের তিন বছর পার না হতেই এটি ধসে পড়েছে। সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বর্তমানে কালীবাড়ি, বানিয়াপাড়া ও কুড়ালিয়াকান্দা গ্রামের প্রায় তিন হাজার মানুষ চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর পক্ষে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
মেসার্স আলবেরুনি কনস্ট্রাকশনের মালিক জয়নাল আবেদীন দাবি করেন, ‘তিনি দরপত্রের শর্তাবলি মেনে ‘প্রাক্কলন’ অনুযায়ী সেতু নির্মাণ করেন। কাজ সন্তোষজনক হওয়ার পরিপ্রেক্ষিতে তাঁকে চূড়ান্ত বিল দেওয়া হয়। নিয়মানুযায়ী এক বছর সময়ের মধ্যে নির্মাণকাজে কোনো ত্রুটি না থাকায় তাঁকে জামানতের টাকাও ফেরত দেওয়া হয়। নির্মাণের তিন বছর পর ফ্লাশ ফ্লাডের (পাহাড়ি ঢল) কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান বলেন, তাঁর যোগদানের অনেক আগেই সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে।
জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, নির্মাণের মাত্র তিন বছরের মধ্যে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পালকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।