নির্মাণের তিন বছরেও চালু হয়নি খাদ্যগুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলায় তিন বছর আগে নির্মিত খাদ্যগুদাম এখনো চালু হয়নি। আশপাশের উপজেলা থেকে চাল আনার সময় ট্রলারডুবি, চাঁদাবাজিসহ নানা হয়রানির ঘটনা ঘটছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ আলী জানান, মনপুরার আগের খাদ্যগুদামটি ২০০৬ সালে ভেঙে যায়। ২০১৩ সালে এক হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন একটি খাদ্যগুদাম নির্মাণ করা হয়। কিন্তু এত দিনেও খাদ্য অধিদপ্তর গুদামটি চালু করতে পারেনি। ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বদরুল আলম খান বলেন, ২০১৩ সালের মাঝামাঝি সময়ে ভবনটি খাদ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অনন্ত কুমার বিশ্বাস বলেন, খাদ্যগুদাম চালু করতে লোকবল ও মালামাল খালাসের জন্য উপযুক্ত ঘাট (জেটি) দরকার। এ ছাড়া কাজ করার জন্য দপ্তর এবং কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য ঘর দরকার। মন্ত্রণালয় মনপুরার জন্য দপ্তর, বসবাসের ঘর ও লোকবল বরাদ্দ করেনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জেটিঘাট নির্মাণেরও কোনো উদ্যোগ নেয়নি। তবে আশা করা যাচ্ছে, জুলাই নাগাদ মনপুরার গুদামটি চালু করা যাবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী বলেন, মনপুরায় গুদাম না থাকায় সরকারি সহায়তার চাল তজুমদ্দিন উপজেলা থেকে নিয়ে আসতে হয়। সেখান থেকে চাল আনতে অনেক খরচ হচ্ছে। অনেক চাল নষ্টও হচ্ছে। এ ছাড়া তজুমদ্দিন উপজেলায় বড় কার্গো নিয়ে মালামাল আনতে গেলে মনপুরার মাঝিদের বাধা দেওয়া হয়। ছোট কাঠের ট্রলার প্রায়ই মালসহ ডুবে যায়। চলতি বছরে এ পর্যন্ত তিনটি ট্রলার ডুবে গেছে।
বিআইডব্লিউটিএর বরিশাল বিভাগীয় নৌ-সংরক্ষণ বিভাগের যুগ্ম পরিচালক সাহজল হক বলেন, মনপুরায় জেটি নির্মাণের বিষয়ে তিনি কিছু জানেন না।