নির্মাণের তিন মাস না যেতেই সড়কে গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের তিন মাস পার না হতেই ভোলার খেয়াঘাট সড়কে একাধিক গর্ত সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় সড়কটির এই হাল হয়েছে।সড়কের পুলিশ লাইন এলাকার একাধিক ব্যক্তির ভাষ্য, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের পাথর ও কম বিটুমিন (পিচ) দিয়ে কাজ করেছে। ওই সময় এলজিইডির কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ঠিকাদার সড়কটি ঠিকমতো সমানও করেননি, নির্মাণের সময়ই এবড়োখেবড়ো ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ও জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলীকে বিষয়টি মুঠোফোনে জানানো হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। সরেজমিনে দেখা গেছে, ভোলার সবচেয়ে ব্যস্ত সড়ক ভোলা খেয়াঘাট সড়কের মধ্যে বেশ কয়েকটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এলজিইডি কর্মকর্তাদের ভাষ্যমতে, ঠিকাদারি প্রতিষ্ঠান জেরিন অ্যান্ড কোম্পানি ৪৯ লাখ টাকার বিনিময়ে ভোলা খেয়াঘাট সড়কের পূর্ব অংশের ২ দশমিক ২ কিলোমিটারের নির্মাণকাজ করে। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১২ জুন সড়কটি এলজিইডিকে বুঝিয়ে দেয়। ৪৪ লাখ টাকার বিনিময়ে একই সড়কের পশ্চিম অংশের ১ দশমিক ৮ কিলোমিটার অংশের কাজ করে আলফি এন্টারপ্রাইজ। তারা এলজিইডিকে কাজটি বুঝিয়ে দেয় গত ২০ ফেব্রুয়ারি।সড়কের বেশ কিছু স্থানে গর্ত হওয়ার কথা স্বীকার করে সদর উপজেলা প্রকৌশলী ফোরকান শিকদার বলেন, ‘আমরা ঠিকাদারকে গর্ত সংস্কারের জন্য চিঠি দিয়েছি।’তবে এলজিইডি ভোলা কার্যালয়ের জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম বলেন, সড়কটির দুই পাশে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। এসব স্থাপনার মালিক সড়কের পাশে নর্দমা করতে দিচ্ছেন না। ফলে পানিনিষ্কাশনব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে সড়ক ডুবে যায়। এ কারণেই দ্রুত সড়কে গর্ত হয়েছে। আলফি এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ আলী জিন্নাহর ভাষ্য, ‘আমার নির্মাণ করা সড়ক ভালো আছে।’