নির্মাণের তিন মাসেই ধসে পড়ল প্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের বাছিরপুর এলাকায় প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের সীমানাপ্রাচীর নির্মাণ করা হয় প্রায় তিন মাস আগে। গত শনিবার ওই প্রাচীরের একাংশ ধসে গেছে। নির্মাতাপ্রতিষ্ঠানের লোকজনের দাবি, মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, সীমানাপ্রাচীরের সামনের অংশ ধসে বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে আছে। ধসে পড়া প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও নির্মাতাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাছিরপুরে জুড়ী-বড়লেখা সড়কের এক পাশে ৩০ শতক জায়গায় উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় গত মে মাসে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে ওই কাজের দায়িত্ব পায় ঢাকার ‘শহিদুল্লাহ্ অ্যাসোসিয়েটস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান। পরে ওই প্রতিষ্ঠানটি রুবেল আহমদ নামের এক ব্যক্তির কাছে কাজটি হস্তান্তর করে। শুরুতে নির্ধারিত স্থানের তিন পাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়।
কাজ তদারকিতে থাকা শহিদুল্লাহ্ অ্যাসোসিয়েটস লিমিটেডের প্রকৌশলী মিফতাহুল জান্নাত বলেন, মাটির তিন ফুট নিচে ভিত্তি স্থাপন করে ১৫ ফুট উচ্চতার সীমানাপ্রাচীরটি নির্মাণ করা হয়েছে। সীমানাপ্রাচীরের ভেতরে কিছু দিন ধরে মাটি ভরাটের কাজ চলছে। শনিবার রাতে মাটিবোঝাই একটি ট্রাকের ধাক্কায় এর একাংশ ধসে পড়ে। ওই অংশটি তাঁরা নতুন করে নির্মাণ করে দেবেন।
তবে গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নাম প্রকাশ না করার শর্তে সরকারি দপ্তরের এক প্রকৌশলী প্রথম আলোকে বলেন, সীমানাপ্রাচীরের শুধু ভেতরে মাটি ভরাট করা হয়েছে। বাইরের জায়গাটা অনেক নিচু। সেখানে মাটি ফেলা হয়নি। ভেতরের মাটির চাপে প্রাচীরটি ধসে পড়তে পারে।