নির্মাণের তিন মাসেই সড়কে ভাঙন

নির্মাণের তিন মাস পরেই সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ফজলুল হক সেলবর্ষী সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সাতটি গ্রামের ১০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলবরষ ইউনিয়নের মনাই নদের তীরঘেঁষা এ সড়কটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। এর মধ্যে প্রায় আধ কিলোমিটার সড়ক ছয়-সাত বছর আগে এলজিইডির অধীনে ব্লক স্থাপন করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই ওই সড়কের ব্লক সরে যেতে শুরু করে।
এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী, প্রচারপাড়া, পশ্চিম পাড়া, পূর্বপাড়া, সলপ, মাটিকাটা, বীর দক্ষিণসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে। ওই সড়কের প্রায় এক কিলোমিটার পাকাকরণ, এর একপাশে ব্লক স্থাপন ও প্রতিরক্ষা দেওয়াল নির্মাণসহ উন্নয়ন কাজের জন্য এলজিইডি থেকে ৮৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায় । ২০১৩ সালের জুনের শেষ সপ্তাহে এ কাজ পান মেসার্স হেমায়েত আলী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান । ঠিকাদারি ২০১৪ সালের মার্চ মাসে কাজ শুরু করেন এবং তা ২০১৫ সালের জানুয়ারির শেষ সপ্তাহে শেষ হয়। ওই বছরের মে মাসের শেষ সপ্তাহ থেকে বীর দক্ষিণ গ্রামের সামনে ওই সড়কের এক পাশের বেশ কিছু স্থানে ভাঙন দেখা দেয়। এ ছাড়া সড়কে ব্লক সরে যাওয়াসহ প্রতিরক্ষা দেয়াল হেলে পড়ে। এ সড়ক দিয়ে ওই সাতটি গ্রামের শিক্ষার্থীদের বাদশাগঞ্জ পাবলিক, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে আসা যাওয়া করতে হয়। সড়কটির ব্যাপক ভাঙনের কারণে তাঁদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে দেখা যায়, নদের তীরবর্তী বীর দক্ষিণ গ্রামের সামনের সড়কে প্রায় ২৫০ফুট জুড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে করে সড়কটি সরু হয়ে পড়েছে। এ ছাড়া সড়কটিতে প্রবেশ মুখের অংশের স্থান থেকে বেশ কিছু ব্লক সরে গেছে। প্রতিরক্ষা দেয়াল হেলে পড়লেও পানিতে তা তলিয়ে গেছে।
বাদশাগঞ্জ পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন চৌধুরী, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইতি আরা চৌধুরী জানায়, ভাঙাচোরা সড়কের ওপর দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়। সড়কটি এখন বেহাল হয়ে পড়েছে।
বীর দক্ষিণ গ্রামের বাসিন্দা নূরে আলম সিদ্দিকী (৪০) বলেন, সড়কটির কাজ যেনতেন ভাবে করার ফলে সড়ক নির্মাণের তিন মাস যেতে না যেতেই এটিতে ভাঙন দেখা দিয়েছে ।
সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি ) চেয়ারম্যান আলী আমজাদ বলেন, এটি উপজেলার অত্যন্ত গুরুত্বপুর্ণ সড়ক। সড়কের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে ভাঙন দেখা দেওয়ায় দিন দিন এটি বিপজ্জনক হয়ে উঠছে। এ নিয়ে আমি উপজেলা প্রকৌশলীকে একাধিকাবার বললেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ঠিকাদার আজাদ রহমান বলেন, পারিবারিক নানা ঝামেলার কারণে সড়কের ভাঙা অংশ এতাদিন মেরামত করা সম্ভব হয়নি। খুব শিগগিরই তা করে নেওয়া হবে ।
উপজেলা প্রকৌশলী নূরুল আলম চৌধুরী বলেন, ঠিকাদারকে সড়কটির ভাঙনসহ নানা কাজ মেরামত করে দেওয়ার জন্য বেশ কয়েক মাস চিঠি দিলেও এখনো সাড়া মেলেনি। সড়ক উন্নয়ন কাজের জামানতের টাকা জমা রয়েছে। দ্রুত সড়কটির উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।