নির্মাণের তিন মাসের মাথায় ভেঙে পড়ল পাকা সেতু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্মাণের তিন মাসের মাথায় একটি পাকা সেতু ভেঙে গেছে। এলাকাবাসী বলছেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ও কাজে ত্রুটি থাকার কারণেই সেতুটি ভেঙে পড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের মধ্যবর্তী রাঙাখাল এলাকায় গত মার্চ মাসে এই সেতুটি নির্মাণ করা হয়। সরকারের গ্রামীণ রাস্তায় কমবেশি ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৩৮ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি নির্মাণের ঠিাকাদারি প্রতিষ্ঠান ছিল সিলেটের বিশ্বনাথ উপজেলার মেসার্স মাসুক ট্রেডার্স। তবে স্থানীয়ভাবে কাজটি করেন হাসান মিয়া নামের এক ব্যক্তি। এই সেতুর দৈর্ঘ্য ছিল সাড়ে ১২ মিটার। কিন্তু সেতুটি ৮ জুলাই রাতে ভেঙে পড়ে এবং খালের পানিতে আংশিক তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেছেন, ‘একটি পাকা সেতু নির্মাণের মাত্র তিন মাসের থাকায় কেন ভেঙে পড়ল, এটা ভাবনার বিষয়। আসলে কাজে ত্রুটি ছিল ও নিম্নমানের মানের নির্মাণসমাগ্রী ব্যবহার করা হয়েছিল। আমরা চাই দ্রুত এখানে আরেকটি সেতু নির্মাণ করা হোক।’
তবে ঠিকাদারের প্রতিনিধি হাসান মিয়া বলেন, যেখানে সেতু নির্মাণ করা হয়েছে, সেখানে খালটি প্রায় ৯০ ফুট প্রশস্ত। কিন্তু সেতু নির্মাণ হয়েছে ৫০ ফুট দৈর্ঘ্যের। বাকি ৪০ ফুটে কোনো কাজ হয়নি। এ কারণে প্রচণ্ড¯স্রোতে সেতুটি দেবে গেছে। তিনি আরও বলেন, তাঁরা দরপত্র অনুযায়ী কাজ করেছেন। কাজে কোনো অনিয়ম বা ত্রুটি ছিল না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান বলেছেন, সেতুটি ভেঙে যাওয়ার পর তাঁরা সরেজমিনে তদন্ত করে কোনো ত্রুটি পাননি। এবার পানি হয়েছে বেশি। খালে প্রচণ্ড¯স্রোত। মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণেই সেতুটি ভেঙে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।