নির্মাণের তিন মাসের মাথায় মেরামত!

চাঁপাইনবাবগঞ্জ-উত্তরমল্লিক-গোমস্তাপুর সড়কটি মাত্র তিন মাস আগেই ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে ২৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের বহু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) এখন আবার অর্থ ব্যয় করে নেমেছে ওই সড়ক মেরামত করতে।
এ সড়কের বালুগ্রাম আদর্শ কলেজের কাছে, পলশা লিলিখিলি মোড়, পলশা ও চাঁপাই গ্রামের কাছে বেশ কয়েকটি স্থানে গত সোমবার সওজ বিভাগের লোকজনকে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে দেখা যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে কথা হয় মো. রাকিব, কবির, আবদুস সালাম প্রমুখ এলাকাবাসীর সঙ্গে। তাঁরা অভিযোগ করেন, বড়জোর দুই থেকে তিন মাস আগে সড়কটির নির্মাণকাজ শেষ হয়েছে। অথচ এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানের খোয়া উঠে গেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এত দ্রুত সড়কটির এ দশা বলে এলাকাবাসীর অভিযোগ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এফ কে এম লুৎফর রহমান বলেন, ‘মাত্র দু-তিন মাসের মাথায় সড়কের অবস্থা খারাপ হওয়ায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে আমরা সওজ বিভাগের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কাছে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছি। অবিলম্বে রাস্তা মেরামত করা না হলে যানবাহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিই। এরপর সওজ রাস্তা মেরামতের কাজ শুরু করে।’ তিনি আরও বলেন, দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। অনেক দেনদরবার ও অপক্ষায় সড়কটি নির্মিত হলো। অথচ দু-তিন মাসের মাথায় চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুর পর্যন্ত সড়কের শতাধিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা দিয়েছে বহু গর্ত। এ অবস্থা মেনে নেওয়া যায় না। এ ছাড়া ঠিকাদারের পরিবর্তে সওজ বিভাগ নিজেই কেন সড়ক মেরামতের দায়িত্ব নিচ্ছে, এটাও বোধগোম্য নয়।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
সওজের সদর উপজেলার উপবিভাগীয় প্রকৌশলী মুনসুরুল আজিজ পলশা বাজার ও হোগলা সেতুর ওপারে ঘুঘুডিমায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, এ সমস্ত এলাকায় সড়কের ওপর বর্ষার পানি জমে থাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যানবাহন চলাচলে যেন সমস্যা না হয়, তাই জরুরি ব্যবস্থা হিসেবে সওজের পক্ষ থেকেই মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর খরচ ঠিকাদারকেই বহন করতে হবে।
ঠিকাদার হারুনুর রশীদ বলেন, বৃষ্টির পানির মধ্যেই রাস্তা নির্মাণ করতে হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকাল পার হলেই পুরো রাস্তা মেরামত করে দেওয়া হবে। তিনি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।