নির্মাণের দুই মাসে কালভার্টটি ভেঙে পড়ল
নির্মাণের দুই মাসের মাথায় রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের একটি কালভার্ট ভেঙে গেছে। নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণকাজ করায় এই অবস্থা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে ওই ইউনিয়নের চিলাপাক, বুড়িরহাট, দামোদরপুর, মাটিয়ালপাড়ার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, ওই চর গ্রামের লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালে এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে এক লাখ তিন হাজার টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়। তারাগঞ্জের মেসার্স আতাউর অ্যান্ড ব্রাদার্স কাজটি করে। কাজ শেষ হওয়ার দুই মাসের মাথায় ২৫ আগস্ট কালভার্টটি ভেঙে যায়।দামোদরপুর গ্রামের আবদুর রহিম বলেন, ‘কালভার্টটা বানবার দুই মাসে না হইছে তাতে ভাঙি গেইছে, এতে হামার হইছে দুর্গতি। সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, নির্মাণের সময় অনিয়মের আশ্রয় নেওয়ায় এটি ভেঙে গেছে।মুঠোফোনে যোগাযোগ করা হলে ঠিকাদার আতাউর রহমান বলেন, ‘এখন ব্যস্ত আছি। এ বিষয়ে আপনার সঙ্গে দুই-তিন দিন পরে কথা বলব।’ উপজেলা প্রকৌশলী সফিউর রহমান বলেন, বৃষ্টিতে দুই দিকের মাটি ধসে যাওয়ায় কালভার্টটি ভেঙে পড়েছে। বরাদ্দ পেলে এটি ঠিক করা হবে।