নির্মাণের দুই মাসেই সেতুটি কাজে আসছে না

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের দুই মাসের মধ্যে তা এলাকাবাসীর কোনো কাজে আসছে না। সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে সেতুর দুই প্রান্তে সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী।
গত রোববার সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ধানগড়া ও পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া খালের ওপর ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে রায়গঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়। আরপি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৪০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করে। মাস দুয়েক আগে সেতুটি চালু করা হয়। নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর দুই প্রান্তে প্রয়োজনীয় মাটি ভরাটের কাজ করলেও সাম্প্রতিক সময়ে গত কয়েক দিনের বৃষ্টিতে সেতুর উভয় প্রান্ত থেকে মাটি সরে গেছে। ফলে সেতুটিতে কোনো যানবাহন উঠতে পারছে না।
বাশুড়িয়া গ্রামের ওসমান গণি ও তৈয়ব আলী বলেন, সেতুটি নির্মাণের ফলে যাতায়াতে তাঁদের কিছুটা সুবিধা হবে বলে মনে করেছিলেন। সেতুর দুই প্রান্তে মাটি না থাকায় ১৫ দিন হলো সেতুতে কোনো যানবাহন উঠতে পারে না। মানুষ শুধু হেঁটে সেতুটি পার হতে পারে। ফলে তাঁদের যে কষ্ট, সেই কষ্টই থেকে গেল। পাশের আটঘড়িয়া গ্রামের রমজান আলী বলেন, ‘সেতুটি দেখে খুশি হয়েছিলাম, কিন্তু এখন এটি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দুই প্রান্তে মাটি না থাকায় সাইকেল, মোটরসাইকেলসহ কোনো যানবাহন পার হতে পারে না। এটি কেউ দেখে না বলেই মনে হয়। নইলে এত দিনে এ বিষয়ে কেউ কোনো উদ্যোগ নিত না।’
ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। অল্প দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কামরুল আহসান বলেন, মাটির ব্যবস্থা করা গেলে খুব তাড়াতাড়িই এ সমস্যার সমাধান করা হবে।