নির্মাণের দুই মাসের মধ্যে প্রতিরক্ষা দেয়ালে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ফেরিঘাটের ঘাট বারবার সংস্কার করা হলেও জনদুর্ভোগ কমছে না। সর্বশেষ দুই মাস আগে ঘাট সংস্কারের সময় প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করার কয়েক দিন পর তা ধসে পড়েছে।
কবাই-ফরিদপুর ফেরিঘাটে যাত্রী পারাপারের ট্রলারের মাঝি মো. নান্নু সন্যামত বলেন, ‘পেত্যেক বচ্ছর ঘাটে কাম করে। দুই মাস যাইতে না যাইতে আগের অবস্থা অইয়া যায়। মানুষজন কাদাপানি পারাইয়া ট্রলারে ওডে।’
কবাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম অভিযোগ করেন, ২০১০ সালে পাঁচ লাখ টাকা ব্যয়ে প্যালাসাইড পাইলিং (সিমেন্ট, রড, বালু ও খোয়ার মিশ্রণ) করা হয়েছিল। অত্যন্ত নিম্নমানের কাজ হওয়ায় ছয় মাসের মধ্যে তা নষ্ট হয়ে গেছে। একই স্থানে ২০১১ সালে তিন লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে আবার পাইলিং ও মাটি ফেলার কাজ করা হয়। ২০১২ সালে ১০ মেট্রিক টন চালের বিনিময়ে মাটি ফেলার কাজ করা হয়।
সর্বশেষ দুই মাস আগে ১৮ মেট্রিক টন চালের বরাদ্দ দিয়ে ২০০ ফুট প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ায় কয়েক দিনের মধ্যে তা ধসে পড়ে। অথচ বরিশালের সঙ্গে কম সময়ে পটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ এটি। প্রতিদিন অন্তত ১০ হাজার যাত্রী এ পথে যাতায়াত করে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বরিশাল-বাকেরগঞ্জ-বাউফল-দশমিনা সড়কের কবাই ইউনিয়ন বাসস্ট্যান্ড সংলগ্ন এ ফেরিঘাটের প্রতিরক্ষা দেয়ালটি ভেঙে পড়েছে। কবাই নদীর ওপারে ফরিদপুর ইউনিয়ন।
ফরিদপুর ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এ সড়কপথে একসময় ফেরি ছিল। ফেরি চলাচল বন্ধ হওয়ার পর নদীর দুই পাড়ে পন্টুন দিয়ে ট্রলার এবং নৌকায় উঠত যাত্রীরা। এখন পন্টুন নেই, ঘাট এলাকার সংস্কারও হচ্ছে না। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় একই ধরনের কথা বলেন ঘাট এলাকার ব্যবসায়ী মজিবুর রহমান, সিয়ালঘুনি এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানসহ কয়েকজন।
সর্বশেষ কাজের ঠিকাদার জহিরুল হক বলেন, ‘আমাকে ২০০ ফুট কাজ করার জন্য ১৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সেই অর্থে ঘাট এলাকায় ২২৫ ফুট দেয়ালের কাজ করেছি। দুই মাস আগে কাজ শেষ করেছি। শুনেছি, অতিরিক্ত ২৫ ফুট দেয়াল কয়েক দিন আগে ভেঙে গেছে।’
বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী আনন্দ কুমার বোস প্রথম আলোকে বলেন, দুর্গাপাশা-ফরিদপুর ইউনিয়নসহ পাশের জেলার সঙ্গে যোগাযোগের জন্য বাকেরগঞ্জের কবাই-ফরিদপুর ঘাটটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ঘাট সংস্কারে প্রতিবছর কিছু কাজ হয়। বরাদ্দ কম হওয়ায় সে কাজ টেকসই হয় না। বর্তমানে উপজেলা প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ১৪ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ওই প্রকল্প বাস্তবায়িত হলে কিছুটা সমস্যার সমাধান হবে।