নির্মাণের দুই মাসের মাথায় ভেসে গেল
নির্মাণকাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যে নদীর পানির তোড়ে ভেসে গেছে আড়াই কোটি টাকার বাঁধ। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড়ে তিস্তা নদীর প্রতিরক্ষা বাঁধের নির্মাণকাজ গত জুলাইয়ের শেষ দিকে সমাপ্ত হয়। সরেজমিন দেখা গেছে, পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর ভাঙন দেখা দেয়। এই ভাঙনে গান্নারপাড় এলাকার সবেমাত্র শেষ হয়ে যাওয়া বাঁধের বিরাট অংশ এক সপ্তাহের মধ্যে ভেঙে গেছে। গান্নারপাড় এলাকার হায়দার আলী (৬৫) ও মজিবর রহমান (৫৫) অভিযোগ করেন, নদীর পানি সামান্য বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধে ফাটল দেখা দেয়, যা পরে ভাঙনে রূপ নেয়।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড় এলাকায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে তিস্তার ভাঙন রক্ষায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী মাটি কেটে বাঁধ নির্মাণসহ সেখানে সিমেন্টের তৈরি বোল্ডার ফেলা হয়। তবে এই কাজ চলার সময় বর্ষা এসে গেলে গতবার নির্মাণকাজ বন্ধ রাখা হয়। এ বছর ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ওই অসমাপ্ত কাজ সম্পন্ন করা হয়।ঠিকাদার হাসানুল আলম জানান, কাজের চলতি বিল না পাওয়ায় গত বছর যথাসময়ে এই বাঁধ নির্মাণের কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই পরের বছর করা হয়েছে। পাউবোর নকশা অনুযায়ী নদীর একেবারে তীর ঘেঁষে এই বাঁধ নির্মাণ করা হয়।গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, বাঁধ নির্মাণের সময় সেখান থেকে বালু উত্তোলন না করার জন্য তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু ঠিকাদার তাঁর কথা শোনেননি। বর্ষার সময় তড়িঘড়ি করে বাঁধ নির্মাণ করা হয় বলে বাঁধ টিকছে না বলে মন্তব্য করেন তিনি।রংপুর পাউবো কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্ষা চলে আসায় গত বছর বাঁধের পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। এ বছর তা শেষ করা হয়। নদী থেকে বালু উত্তোলন করে ঠিকাদারের কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, এই বালু তো অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি। বাঁধের কাজেই লাগানো হয়েছে।