নির্মাণের দেড় মাসে ভেঙে গেল বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার শংকরদহে সম্প্রতি দুই কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করা হয়। গতকাল বেলা ১১টার দিকে বাঁধটি ভেঙে যায়। এতে তিস্তার পানি ঢুকে এলাকাটি তলিয়ে যায় । প্রথম আলো
রংপুরের গঙ্গাচড়া উপজেলার শংকরদহে সম্প্রতি দুই কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করা হয়। গতকাল বেলা ১১টার দিকে বাঁধটি ভেঙে যায়। এতে তিস্তার পানি ঢুকে এলাকাটি তলিয়ে যায় । প্রথম আলো

উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদী প্রতিরক্ষা মাটির বাঁধের দেড় শ ফুট ভেঙে গেছে। নির্মাণের দেড় মাসের মধ্যে গতকাল শুক্রবার বাঁধটি ভেঙে যাওয়ায় শংকরদহ গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল হাসান জানান, ইউনিয়নের শংকরদহ, ইছলি ও জয়রাম ওঝা গ্রাম রক্ষার জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীন তিস্তা নদীর উত্তর দিকে ২৯ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার একটি বাঁধ নির্মাণ করা হয়। গত জুন মাসে কাজ শেষ হয়। গতকাল বেলা ১১টার দিকে পানির প্রবল স্রোতে বাঁধের প্রায় দেড় শ ফুট অংশ ভেঙে যায়।
গতকাল সরেজমিনে দেখা যায়, প্রবল স্রোতে পানি ঢুকছে লক্ষ্মীটারি ইউনিয়নের শংকরদহ গ্রামে। গ্রামে যত দূর চোখ যায় তত দূর শুধু পানি আর পানি। কাঁচা ঘরবাড়িগুলো কোথাও এক কোমর, আবার কোথাও এরও কিছু বেশি পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে কোমরপানি ডিঙিয়ে একজন পুরুষের কাঁধে শিশু ও মালামাল এবং অন্য একজন নারীকে কোলে শিশুসহ হাঁড়িপাতিল নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায়।
বন্যাকবলিত লোকজন জানান, শংকরদহ গ্রামে প্রায় ২০০ পরিবারের বাস। এর মধ্যে অধিকাংশ পরিবারের বাড়িঘরে পানি উঠেছে। পানি ডিঙিয়ে ৭০ থেকে ৮০টি পরিবার তাদের মালামাল সরাতে পারলেও কিছু পরিবার মালামাল রেখে অন্যত্র আশ্রয় নিয়েছে।
ফয়সাল হাসান বলেন, আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে নবনির্মিত মাটির বাঁধের দেড় শ ফুট ভেঙে যাওয়ায় এলাকায় বন্যা দেখা দিয়েছে। মানুষজনের দুর্ভোগ হয়েছে। ত্রাণ তৎপরতার দাবি জানিয়েছেন তিনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সালাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাঁধ ভেঙে লোকজনের পানিবন্দী হওয়ার খবর তাঁদের জানা নেই। তবে পানিবন্দী লোকজনকে সাহায্য করা হবে।