নির্মাণের দেড় বছরেই সড়কে গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বরিশাল-গোপালগঞ্জ সড়কের আগৈলঝাড়া থেকে পয়সারহাট অংশের প্রায় সাত কিলোমিটারে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবিটি আগৈলঝাড়ার বাইনেরপাড় রমনী বিশ্বাসের বাড়ির সামনে থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বরিশাল-গোপালগঞ্জ সড়কের আগৈলঝাড়া থেকে পয়সারহাট অংশের প্রায় সাত কিলোমিটারে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ছবিটি আগৈলঝাড়ার বাইনেরপাড় রমনী বিশ্বাসের বাড়ির সামনে থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

সাত কিলোমিটার সড়কের কার্পেটিং, পিচ ও পাথর উঠে খানাখন্দ দেখা দিয়েছে। যানবাহন চলে হেলেদুলে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অথচ ২১ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়েছিল মাত্র দেড় বছর আগে।

বলা হচ্ছে আগৈলঝাড়া থেকে পয়সারহাট পর্যন্ত সড়কের কথা। এটি বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের অংশ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৯৬ সালে সড়কটিকে আন্তজেলা মহাসড়কে উন্নীত করা হয়। ২০০৯-১০ অর্থবছরে এটির আগৈলঝাড়া থেকে পয়সারহাট পর্যন্ত সেতু ও কালভার্টসহ ৬ দশমিক ৭ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ২১ কোটি টাকা ব্যয়ের প্রকল্প গ্রহণ করে সওজ। এটি বাস্তবায়নে ওই বছরের আগস্টে দরপত্র আহ্বান করা হয়। একই বছরের অক্টোবরে ফরিদপুরের সেঙ্গুইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এর কার্যাদেশ দেওয়া হয়। ২০১২ সালে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দুই দফা সময় বাড়িয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ করে। প্রকল্প অনুযায়ী সড়কটি ২৬ ফুট চওড়া এবং এর দুই পাশে ৩ ফুট করে ফুটপাত নির্মাণ করা হয়।
সড়কের আশপাশের ফুলশ্রীর হারুন অর রশিদ, কান্দিপারের সিরাজ হাওলাদার, সুবখারপাড়ের সঞ্জয় কুমার, পাকুরিতার হেমায়েত হোসেনসহ জোবারপাড়, বড় মাগরা, স্বরবাড়ি ও কদমবাড়ি এলাকার অনেকে বলেন, ঠিকাদার নির্মাণকাজে খোয়া, বালু, পিচসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। এমনকি অনেক অংশে রোলার ব্যবহার করা হয়নি। রাস্তার অনেক জায়গায় যে পরিমাণ ঢাল রাখার কথা ছিল তা রাখা হয়নি। এতে অনেক জায়গা ভেঙে গেছে।
বাসচালক বেলাল হোসেন সরদার, আইয়ুব হোসেন, স্বপন সরদারসহ কয়েকজন বলেন, নির্মাণ করতে না করতেই খানাখন্দের সৃষ্টি হয়ে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কটির অধিকাংশই ফেটে চৌচির হয়ে আছে। রাস্তার মধ্যে গর্ত হয়ে খানাখন্দ তৈরি হয়েছে। দুই পাশের অনেক অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সওজ কর্তৃপক্ষ বিভিন্ন অংশ সংস্কার করেছে।
সংস্কারকাজের তদারকের দায়িত্বে থাকা ফরহাদ হোসেন বলেন, বর্ষায় সড়কের বিভিন্ন স্থান ও পয়সারহাট ব্রিজের কাছের অংশ ধসে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। রাতের অন্ধকারে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তাই ক্ষতিগ্রস্ত অংশের খানাখন্দ মেরামত করা হয়েছে।
ঠিকাদার ফেরদৌস মিয়া বলেন, অতিবৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে অনিয়ম ও দুর্নীতি করা হয়নি। নতুন মাটিতে রাস্তা করায় কোথাও কোথাও দেবে গেছে।
গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার সড়ক তদারকির দায়িত্বে নিয়োজিত বরিশাল সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী এম এম হানিফ বলেন, ‘বর্ষণের কারণে সড়কের বিভিন্ন স্থানে গর্ত বা কার্পেটিং উঠে যেতে পারে। তবে আমরা সঙ্গে সঙ্গে তা সংস্কার করে দিচ্ছি।’ সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে বলে দাবি করেন তিনি।