
সড়কটিতে যানবাহন চলছে থেমে থেমে। সড়কটি এতটাই সরু যে দুটি গাড়ি পাশাপাশি চলতে সমস্যা হয়। কোথাও কোথাও গর্তে পড়ে আটকে যাচ্ছে রিকশা। অনেকে কাদাপানিতে হেঁটে চলাচল করছেন। এই দৃশ্য রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া-ত্রিমোহনী সড়কের।
খিলগাঁওয়ের নাসিরাবাদ ইউনিয়নের ৩০ হাজারের বেশি মানুষ এই সড়কটি ব্যবহার করেন। ২০০৩ সালে নির্মিত এই সড়কটি আর সংস্কার করা হয়নি।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার সড়কের বেশ কিছু অংশ পাশের খালের দিকে দেবে পড়েছে। স্থানীয় লোকজন জানান, গত পাঁচ মাসে তিনটি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যান পড়ে গেছে সেই খালে।
স্থানীয় লোকজন বলেন, পুরো সড়কের বেশির ভাগ জায়গার পিচ উঠে গেছে সাত-আট বছর আগে। এখন এসব স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। কাদাপানিতে সয়লাব হয়ে যায় সড়ক। তখন হাঁটতেও সমস্যা হয়। প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।
কাদাপানিতে বেহাল সড়কটির বেশির ভাগ অংশ পিচ্ছিল হয়ে গেছে। এ কারণে রিকশা ও অটোরিকশার চালকেরা ঠিকভাবে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।
সড়কের দুই পাশে গড়ে উঠেছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান। এসব দোকানের ক্রেতারা সড়কের ওপরে দাঁড়িয়েই কেনাকাটা করছেন।
এ ছাড়া এক মাস ধরে সড়কের বিভিন্ন জায়গায় চলছে ওয়াসার পাইপ বসানোর কাজ। খোঁড়া হয়েছে সড়কটির এক পাশ। এতে তৈরি হচ্ছে যানজটও।
ত্রিমোহনী অটোরিকশাস্ট্যান্ডে কথা হয় চার-পাঁচজন অটোরিকশাচালকের সঙ্গে। তাঁরা জানান, এই সড়কে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। সড়কের বিভিন্ন অংশ এক পাশে দেবে যাওয়ায় গাড়ি পিছলে যায়। ব্রেক করলেও ধরে রাখা যায় না। বছরের বেশির ভাগ সময় সড়কে কাদাপানি থাকায় প্রায়ই গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। প্রায়ই তাঁরা নিজেরা চাঁদা তুলে রাস্তার গর্তে ইটের সুরকি ফেলেন।
মোহাম্মদ হোসাইন নামের এক অটোরিকশাচালক বলেন, রাত ১০টার পর থেকেই এই সড়কে অনেক বালুবাহী ও অন্যান্য নির্মাণসামগ্রীবাহী ট্রাক প্রবেশ করে। এতে রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে।
সম্প্রতি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুজন সহকারী প্রকৌশলী আমাকে জানিয়েছেন, করপোরেশন ২০১৭-১৮ অর্থবছরে এই সড়কটি প্রশস্ত করে পুনঃসংস্কার করার জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হবে।’