নির্মাণের সাত দিনেই রাস্তা বেহাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঠিয়েদার (ঠিকাদার) পৌর মেয়রের ভাই। কর্মকর্তারা ভয়ে কেউ কোনো দিন কাজ দেখতি আসেনি। সে জন্যি তার ইচ্ছেমতো কাজ করিছে। কাজও সে রওম হইছে। এক সপ্তা যাতি না যাতি রাস্তা ভাঙে খোয়া বের হয়ে গেছে। খানাখন্দ হয়ে পড়িছে। মালামাল নিয়ে এহোন ওই রাস্তায় ভ্যান চালানু দায় হয়ে পড়িছে।’ এভাবেই ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন নড়াইলের কালিয়া পৌর এলাকার ভ্যানচালক রমজান শেখ (৪৫)।পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, গত অর্থবছরে কালিয়া পৌরসভার ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। পৌর এলাকার লঞ্চঘাট সড়ক সংস্কারে ৭০০ ফুট আরসিসি ঢালাইয়ে প্রাক্কলিত মূল্য ধরা হয় পাঁচ লাখ টাকা। মেসার্স রীতা এন্টারপ্রাইজকে ৬ জুন কার্যাদেশ দেওয়া হয় এবং ২০ জুলাই সে কাজ সম্পন্ন হওয়ার কথা। জানা গেছে, ওই প্রতিষ্ঠানের লাইসেন্সটি পৌর মেয়র ইমদাদুল হকের ভাই আমিনুল হক দুলুর স্ত্রীর নামে।সরেজমিন দেখা গেছে, আরসিসি ঢালাইয়ের কথা থাকলেও সেখানে অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়েছে। নির্মিত সড়কের খোয়া ইতিমধ্যে উঠে গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থান দেবে গেছে। গাইড ওয়াল না থাকায় সড়কের দুই পাশের বেশির ভাগ অংশ ধসে পড়েছে। লঞ্চঘাট সড়কের পাশের বাড়ির একজন শিক্ষক জানান, ২৫ জুন কাজ শুরু হয়ে ২৮ জুন শেষ হয়।পৌর প্রকৌশলী উত্তম মজুমদার বলেন, নির্মাণকাজ চলাকালে তিনি একটি প্রশিক্ষণে উপজেলার বাইরে ছিলেন। ঠিকাদার আমিনুল ইসলাম বলেন, মাত্র পাঁচ লাখ টাকার কাজ যথাসাধ্য ভালোভাবে করার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, ঢালাইয়ের সময় পৌরসভার প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। পৌর মেয়র ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।