নির্মাণের সাত দিনের মাথায় ভেঙে গেল বাঁধ
বরগুনার আমতলী উপজেলার কচুপাত্রার দোন নদীর নবনির্মিত বাঁধটি গত শুক্রবার রাতে জোয়ারের পানির চাপে আবার ভেঙে গেছে। মাত্র সাত দিন আগে এই বাঁধের নির্মাণকাজ শেষ হয়। শিগগিরই বাঁধটি মেরামত না করলে আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে এসব এলাকার ৪০ হাজার মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ষাটের দশকে নির্মিত কচুপাত্রা দোন নদীর বাঁধটি ২০০৬ সালে স্থানীয় প্রভাবশালী মহল মাছ চাষের জন্য কেটে দেয়। এর পর থেকে ওই দুই উপজেলার কচুপাত্রা, বাদুড়গাছা, শারিকখালী, বলইবুনিয়া, চাউলাপাড়া, হেতালবাড়িয়া, অঙ্গারিয়া, দক্ষিণ ঝাড়াখালী, উত্তর ঝাড়াখালী, বেহালা, নলবুনিয়া, হেলেঞ্চাবাড়িয়া আলীর বন্দর, মিঠাখালীসহ ৩০টি গ্রামে জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একই কারণে লবণাক্ততায় এসব গ্রামের প্রায় ৭০ একর জমিতে ফসল উত্পাদন বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। সরেজমিনে গিয়ে জানা গেছে, গত বছরের ১০ ডিসেম্বর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে এসজে অ্যান্ড এলকেজেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান তিন কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৫০ ফুট দৈর্ঘ্যের বাঁধটির নির্মাণ করা শুরু করে। কয়েক হাজার শ্রমিক ১২ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষ করে।বাঁধটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর দুই উপজেলার ৩৪টি গ্রামের প্রায় ৪০ হাজার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে। কিন্তু গত শুক্রবার রাতে জোয়ারে বাঁধের মাঝামাঝি স্থানে প্রায় ৫০ ফুট ভেঙে যায়। এতে কয়েকটি গ্রামে ইতিমধ্যে জোয়ারের পানি ঢুকে পড়েছে।কড়ইবাড়িয়ার হেলেঞ্চাবাড়িয়া গ্রামের কৃষক সুলতান খলিফা বলেন, ‘বাঁধ অওনে মোগো মনে একটু স্বস্তি অইছিল। বাঁধ ভাঙনের পর আবার মরণদশা অইছে।’কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা তালুকদার অভিযোগ করে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বাঁধ ক্লোজিংয়ের পরে পাইলিংসহ আনুষঙ্গিক কাজ না করায় বাঁধটি ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।’ গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি। সেখানে কোনো শ্রমিককেও দেখা যায়নি।পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন ভেঙে যাওয়া বাঁধটি পরিদর্শন শেষে গতকাল বলেন, জনবলের সংকটে ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কাজটি না করায় এবং পানির অধিক চাপে বাঁধটি ভেঙে গেছে। তিনি বলেন, বাঁধটিতে নতুন করে অচিরেই কাজ শুরু করা হবে।পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাঁধটি ভেঙে যাওয়ার খবর আমি শুনেছি এবং তাত্ক্ষণিক কাজটি পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’