ধূলিয়া এন কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
নির্মাণের সাত বছর পর ত্রুটি শনাক্ত, দোতলা নির্মাণ বন্ধ
২০০৭ সালে দোতলা ভবনের ভিত্তি দিয়ে একতলা নির্মাণ করা হয়। ২০১৪ সালে দোতলা করতে গিয়ে এর ভিত্তিমূলে ত্রুটি ধরা পড়ে। এ কারণে আড়াই বছরের বেশি সময় ধরে দোতলা নির্মাণ বন্ধ রয়েছে। এ ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া এন কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে শ্রেণিকক্ষ-সংকটে রয়েছে বিদ্যালয়টি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) আওতায় ২০০৬-০৭ অর্থবছরে ওই ভবনের একতলা নির্মাণ করা হয়। ২০০৭ সালের শেষের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সনজিৎ সাহা এ কাজ শেষ করেন। এতে ব্যয় হয় ২২ লাখ ৫২ হাজার ২৬০ টাকা। দ্বিতীয় দফায় ২০১৪-১৫ অর্থবছরে পিইডিপি-৩-এর আওতায় ভবনটির দ্বিতীয় তলা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২৯ লাখ ৫২৫ টাকায় এ কাজের দায়িত্ব পায় মেসার্স সিথী ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ করতে গিয়ে ভবনের ভিত্তিমূলে ত্রুটি পাওয়া যায়। কার্যাদেশ অনুযায়ী, দোতলা ভবনটির ২৭টি পিলারের নিচের অংশে ১৩ থেকে ১৬ ইঞ্চি পুরু ঢালাই দেওয়ার কথা। কিন্তু দেওয়া হয়েছে ৭ থেকে ১০ ইঞ্চি ঢালাই।
উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ভবনটির ভিত্তির পিলারের পুরুত্ব কম পাওয়া গেছে। এর ওপর দোতলা নির্মাণ করা যাবে না। বিষয়টি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে (বাস্তবায়ন) লিখিতভাবে জানানো হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিথী ট্রেডার্সের মালিক খলিলুর রহমান বলেন, ‘কার্যাদেশ পেয়ে ২০১৪ সালের মার্চের প্রথম সপ্তাহে রড, সিমেন্ট ও খোয়া নিয়ে ভবনের কাজ শুরু করি। এরপর নির্বাহী প্রকৌশলী পরিদর্শন করে মাটি খুঁড়ে ভবনের ভিত্তি ঠিক আছে কি না, পরীক্ষার নির্দেশ দেন। তাতে ত্রুটি ধরা পড়লে মৌখিক নির্দেশ পেয়ে কাজ বন্ধ করি। এতে আমার ১০ লাখের বেশি টাকা ক্ষতি হয়েছে।’
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, ভবনটিতে মাত্র দুটি কক্ষ। কক্ষ দুটির মাঝখানে টিনের বেড়া দিয়ে চারটি বানানো হয়েছে। এর তিনটি শ্রেণিকক্ষ হিসেবে এবং অন্যটি প্রধান শিক্ষকের কার্যালয় ও গ্রন্থাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার বলেন, কক্ষ-সংকটের কারণে দোতলার নির্মাণকাজ শুরু করায় সবাই খুশি হয়েছিলেন। কিন্তু ভবন তৈরিতে নাকি ত্রুটি রয়েছে। এ কারণে কাজ বন্ধ রয়েছে। কক্ষ-সংকটের কারণে দুই শিফটে ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে এখন মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪৯ জন।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ গোলাম মোস্তফা বলেন, ভবনটি নির্মাণ করা হয়েছিল ২০০৭ সালে। আর ত্রুটি ধরা পড়ল সাত বছর পর।
ঠিকাদারি প্রতিষ্ঠান সনজিৎ সাহার মালিক সনজিৎ সাহা বলেন, ‘অনেক আগের কাজ। ঠিকভাবেই করা হয়েছিল।’
এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেক সরকার বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। সংশ্লিষ্ট নির্মাণকাজের সঙ্গে জড়িত ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’