নির্মাণের সাত মাসেই সড়কে গর্ত, ভোগান্তি
মেরামতের পর সাত মাস যেতে না যেতেই দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিচারমাথা-হাসপাতাল সড়কে ঢালাই (আরসিসি) উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি চলাকালে কাজ করায় কাজ নিম্নমানের হয়েছে। এ কারণে এখন পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, হিলিচারমাথা-হাসপাতাল সড়কের চারমাথা থেকে হাকিমপুর ডিগ্রি কলেজের গেট পর্যন্ত সড়কের ১৫০ মিটার মেরামত করার জন্য (রড ও পাথর দিয়ে ঢালাইকরণ) চলতি বছরের জানুয়ারি মাসে দরপত্র আহ্বান করা হয়। এই নির্মাণকাজের ব্যয় ধরা হয় আট লাখ ৭১ হাজার টাকা। দিনাজপুরের স্থানীয় ঠিকাদার মোজাফফর হোসেন এই কাজ পান। কার্যাদেশে ১৩ এপ্রিল কাজ শুরু করে পাঁচ-ছয় দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ৫ মে শুরু করে পাঁচ দিনের মধ্যে কাজ শেষ করে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৃষ্টি চলাকালে কাজ করায় ঢালাই মজবুত হয়নি। দুর্বল সড়কের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে থাকায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি উঁচু-নিচু হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, আবদুল মতিনসহ অনেকে অভিযোগ করেন, ছয়-সাত মাস যেতে না যেতেই সড়কের ঢালাই উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচলের সময় সড়কের পাথরগুলো ছিটকে এসে শরীরে লাগছে। ঠিকাদার মো. মোজাফফর হোসেন বলেন, বৃষ্টি চলাকালে কাজ করা হয়েছে। এ কারণে ঢালাই মজবুত না হওয়ায় পাথর উঠে যাচ্ছে। কিছু সমস্যা থাকায় নির্ধারিত সময়ে কাজ করা যায়নি। জামানতের ১০ ভাগের টাকা দিয়ে সড়কের নষ্ট হয়ে যাওয়া অংশ সংস্কার করা হবে। উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন বলেন, দরপত্রের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানে চারবার পত্র পাঠানো হয়। সুযোগ নিয়ে ঠিকাদার বর্ষার মধ্যে কাজ করায় ছয়-সাত মাসের মাথায় সড়কের পাথর উঠে গেছে। এ কারণে সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হচ্ছে। এখনো ঠিকাদারের ১০ ভাগ জামানতের টাকা জমা রয়েছে। ওই টাকা দিয়ে নতুন করে সংস্কার করা হবে।