নির্মাণের ১০ দিনের মাথায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের জলাবদ্ধতা দূর করার জন্য পৌর কর্তৃপক্ষ ২৯ লাখ টাকা ব্যয়ে একটি নালা নির্মাণ করেছিল। কিন্তু নির্মাণকাজ শেষ করার দশ দিনের মাথায় গত বৃহস্পতিবার বৃষ্টির পানির চাপে ওই নালার বেশ কিছু অংশ ধসে পড়েছে। গাংনী পৌরসভার কাউন্সিলর নবীর উদ্দিন অভিযোগ করে বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেনটির নির্মাণকাজ করা হয়। তাই ড্রেনে পানি না গিয়ে পানির চাপে নালার একাংশ ধসে পড়েছে।’ গাংনী পৌরসভা সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে গাংনী পৌরসভার অধীনে উপজেলা শহরের প্রধান সড়কের পাশে এই নালা নির্মাণের কাজ শুরু হয়। ৩৬৫ মিটার (১১৯৭.৫ ফুট) দীর্ঘ এ নালা নির্মাণে ২৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গাংনীর ইয়াসিন অ্যান্ড সন্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। মার্চ মাসে নালা নির্মাণের কাজ শেষ হয়। কাজ শেষ হওয়ায় ১০ দিনের মাথায় নালার ১২০ ফুট অংশের এক পাশ ধসে পড়ে। সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান রাস্তার পাশ দিয়ে নির্মিত নতুন ড্রেনের দুই পাড়ের ওয়াল ধসে পড়ে গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের বালু ও ইট ব্যবহার করা হয়েছে। ঠিকাদার ক্ষমতার প্রভাবে অপরিকল্পিতভাবে নালার নির্মাণকাজ তড়িঘড়ি করে শেষ করেছে। গাংনী পৌরসভার নকশাকারক হুমায়ুন কবীর (ভারপ্রাপ্ত প্রকৌশলী) এই নালা নির্মাণকাজের তদারক করেছেন ও এর নকশা তৈরি করেছেন। হুমায়ুন কবীর জানান, নালা নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদার খুবই প্রভাবশালী। কাজ তদারকের সময় ঠিকাদারের লোকজন তাঁর কথা শোনেনি। এ কারণে নালার এই করুণ দশা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মজিরুল ইসলাম বলেন, ‘কাজে নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার করা হয়নি। সদ্য নির্মাণ করা নালার পাশ দিয়ে যানবহন চলাচল করায় এটি ধসে গেছে। এর দায়দায়িত্ব এখন পৌরসভার।’ পৌর মেয়র আহম্মদ আলী জানান, নালার একাংশ ধসে পড়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত নালা পুনর্নির্মাণ করতে বলা হয়েছে। কাজ না করলে বাকি বিল ও জামানতের ১০ ভাগ টাকা ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।