নির্মাণের ১৩ বছরেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের দীর্ঘ ১৩ বছরেও চালু করা সম্ভব হয়নি লক্ষ্মীপুর পৌর বাসটার্মিনাল। এতে যাত্রীসহ সর্বস্তরের মানুষকে প্রতিনিয়তই পোহাতে হচ্ছে দুর্ভোগ। টার্মিনালটি চালু না হওয়ায় লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো শহরের উত্তর তেমুহনীতে মূল সড়কে পার্কিং করে। এতে করে রাস্তায় যানজট লেগেই থাকে। লক্ষ্মীপুর পৌরসভা সূত্রে জানা যায়, শহরের বাঞ্চানগর মৌজায় ১৯৯৭ সালে পাঁচ একর জমির ওপর বাসটার্মিনাল নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় এক কোটি ৪৭ লাখ টাকা। বর্তমানে এটি দিনের বেলায় গরু-ছাগলের বিচরণ ও রাতে মদ-জুয়াড়ি-সন্ত্রাসীদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হচ্ছে। এ ছাড়া টার্মিনালের মাঠে জনৈক ঠিকাদার তাঁর ব্যবসায়িক কাজের জন্য একটি পাথর ভাঙার মেশিন বসিয়ে কাজ করছেন।ইজারাদার সৈয়দ সাইফুল হাসান জানান, প্রায় ১৪ লাখ টাকায় তিনি টার্মিনালটি ইজারা নিয়েছেন। কিছু বাস মালিকের অসহযোগিতা এবং প্রশাসনের উদাসীনতা ও আন্তরিকতার অভাবের কারণে এটি চালু করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তবে লক্ষ্মীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফখরুল আলম জানান, বাসটার্মিনাল শহরের সামনে না হয়ে পেছনের দিকে হওয়ায় নিরাপত্তার কারণে বাসের মালিকেরা সেখানে গাড়ি রাখতে চান না। পৌরসভার মেয়র সাহাবুদ্দিন জানান, পৌরসভার পক্ষ থেকে বাস-মালিক সমিতির নেতারাসহ সবাইকে নিয়ে আলোচনা করে বার বার টার্মিনালটি চালুর চেষ্টা করা হয়েছে। কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে বাসের মালিকেরা সেখানে বাস রাখতে রাজি হচ্ছেন না। এতে তাঁদেরই ক্ষতি হচ্ছে। কারণ তাঁদের কাছ থেকে পৌর কর আদায় করা হয়। অথচ তাঁরা টার্মিনাল ব্যবহার করছেন না। এ ছাড়া নির্দিষ্ট স্থানে বাস না রাখায় শহরের যানজট বাড়ছে ও যাত্রীসহ জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। জেলা প্রশাসক এ বি এম জহুরুল ইসলাম জানান, বাসের মালিকদের দাবি টার্মিনালটি শহরের বাইরে নির্মাণ করায় মালিকেরা সেখানে বাস নিয়ে যেতে চান না। তবুও পৌর কর্তৃপক্ষ ও বাসের মালিকদের সমন্বয়ে, এ নিয়ে বৈঠক করে তা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।