নির্মাণের ১৭ বছরেই ভেঙে পড়ার উপক্রম
নির্মাণের ১৭ বছরে ফাটল দেখা দেওয়ায় বাগেরহাট জজ আদালত ভবন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় গণপূর্ত বিভাগ গত রোববার থেকে ভবনের নিচতলা ও দোতলার ছাদের বিমগুলোতে কাঠের খুঁটি লাগানো শুরু করেছে।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ গুরুত্বপূর্ণ এই ভবনটি ব্যবহার করে। তাই ভবনটি দ্রুত মেরামত করা প্রয়োজন।বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নিশিত রঞ্জন পাল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক ঝুঁকি হ্রাসে খুঁটি দিয়ে বিমের ভার কমানোর নির্দেশ দিয়েছে। এ জন্য গত রোববার থেকে খুঁটি লাগানোর কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এখানে ১৭৭টি খুঁটি লাগানো হবে। ইতিমধ্যে ১০৪টি খুঁটি লাগানো হয়েছে। ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের নকশা বিভাগের দায়িত্বে ভবন মেরামতের নকশা ও প্রাক্কলন তৈরির কাজ চলছে। শিগগিরই যথাযথ প্রক্রিয়ায় সংস্কারকাজ শুরু করা হবে।জানা গেছে, গত বছরের এপ্রিলে জেলা জজের দপ্তর থেকে ভবনের বিভিন্ন কলাম ও বিমের ফাটল সম্পর্কে ঢাকায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়। ওই বছরের ১৫ জুন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করে। তারা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে, ইটের খোয়া দিয়ে তৈরি নিম্নমানের ফাঁপা কংক্রিট ও লবণাক্ততার কারণে ভবনের চতুর্দিকের সব কটি কলাম ও বিমে ফাটল দেখা দিয়েছে। ভবনের অভ্যন্তরীণ কলামগুলোতেও সরু ফাটল রয়েছে। অনেক স্থানে রডের ক্ষয় শতকরা ৫০ ভাগ।চলতি বছরের ১৬ মে জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান আবারও ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানিয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে চিঠি দেন এবং ভবনটি ঝুঁকিপূর্ণ কি না তা লিখিতভাবে জানানোর অনুরোধ করেন। এ অবস্থায় ২০ মে গণপূর্ত বিভাগের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ ভবনটি পরিদর্শন করেন।পরে তিনি প্রধান প্রকৌশলীকে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, ‘ভবনের কয়েকটি কলাম ও বিমে ফাটল দেখা দিয়েছে এবং কংক্রিট খসে পড়েছে। রডে মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দুর্ঘটনা এড়াতে ২৪ ঘণ্টার মধ্যে গাছের খুঁটি দিয়ে ফাটল ধরা কলাম ও বিমে ঠেস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’বাগেরহাট গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯২-৯৩ অর্থবছরে প্রায় তিন কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৪৫ হাজার ২৭০ বর্গফুট আয়তনের জেলা জজ আদালত ভবনের নির্মাণকাজ শুরু হয়। ১৯৯৫ সালের ৩০ আগস্ট তিনতলা ভিত্তির ওপর দোতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়। ২০০৩-৪ অর্থবছরে প্রায় দুই কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ভবনের ওপরে তৃতীয় তলার সম্প্রসারণের কাজ করা হয়। এ ধরনের ভবনগুলোর স্বাভাবিক স্থায়িত্ব ধরা হয় ৫০ বছর।