বিদেশি দাতা সংস্থার অর্থায়নে মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি নতুন পশু জবাইখানা কাজ শুরুর জন্য প্রস্তুত হলেও তা চালু হচ্ছে না। প্রথম দিকে জবাইখানাতে পানি ও বিদ্যুৎ-সংযোগ না পাওয়া যাওয়ায় চালু করা যায়নি। বর্তমানে উদ্বোধনের পুরো প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করছেন।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ডিএনসিসি এলাকায় দৈনিক দুই হাজারের বেশি পশু জবাই হয়। এর মধ্যে ডিএনসিসির দুটি পশু জবাইখানায় দৈনিক চার শ পশু জবাই করা যায়। মাংস ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে অস্বাস্থ্যকর পরিবেশে অধিকাংশ পশু জবাইয়ের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
স্বাস্থ্যসম্মত পশু জবাইখানার চাহিদার কথা মাথায় রেখে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মহাখালী কাঁচাবাজার-সংলগ্ন স্থানে একটি পশু জবাইখানা বানিয়েছে ডিএনসিসি। এ বছরের এপ্রিল মাসে জবাইখানাটির নির্মাণকাজ শেষ হয়। তিন হাজার বর্গফুটের এই জবাইখানায় দৈনিক ১৫০টি গরু বা মহিষ এবং ৫০০টি ছাগল বা ভেড়া জবাইয়ের সুবিধা আছে।
মহাখালীর এই পশু জবাইখানায় পশু বিশ্রামাগার, বায়োগ্যাস প্ল্যান্ট, বৃষ্টির পানি সংগ্রহ, সৌরবিদ্যুৎ, বর্জ্য ও রক্ত সংগ্রহ এবং ব্যবস্থাপনা সুবিধা, চামড়া, শিং, হাড় সংগ্রহ ও ব্যবস্থাপনা, যন্ত্রাংশ জীবাণুমুক্ত করার জন্য পানি গরম করার ব্যবস্থা রয়েছে। এই জবাইখানা চালু হলে ডিএনসিসি এলাকায় স্বাস্থ্যসম্মত পশু জবাইয়ের সংখ্যা কিছুটা হলেও বাড়বে।
নির্মাণকাজ শেষ হলেও জবাইখানাটিতে বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় তা চালু করা যায়নি। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত জুলাই মাস পর্যন্ত ডিএনসিসির প্রকৌশল বিভাগকে একাধিকবার তাগাদাপত্র দেয় স্বাস্থ্য বিভাগ। পরে প্রকৌশল বিভাগ বিদ্যুৎ ও পানির সংযোগ দেয়। এরপরে প্রায় দুই মাস চলে গেলেও জবাইখানাটি চালু হয়নি।
এ বিষয়ে ডিএনসিসির পরিবেশ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ বলেন, উদ্বোধনের প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাইয়ে সিটি করপোরেশনের যা দায়িত্ব, তার সবই পূরণ করে এই জবাইখানা। তারপরেও কোনো সমস্যা থাকলে সেটা উদ্বোধনের পরেও সমাধান করা যাবে। আগে এটি উদ্বোধন করা প্রয়োজন।
আগে ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় চারটি পশু জবাইখানা ছিল। দুটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে দুটি জবাইখানা চালু আছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভেতরে এবং মিরপুর ১১ নম্বরে নিউ সোসাইটি মার্কেটের ভেতরের এই দুটি জবাইখানার দৈনিক পশু জবাইয়ের সক্ষমতা তিন শর মতো। ডিএনসিসির পাঁচটি অঞ্চলে গরু, ছাগল, মহিষ ও ভেড়া জবাই হয় দুই হাজারের মতো। আইন অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানার বাইরে যত্রতত্র পশু জবাই করতে পারবে না। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্যসম্মত পশু জবাইখানা না থাকায় ডিএনসিসি যত্রতত্র পশু জবাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। যথেষ্ট পরিমাণ জবাইখানা না থাকায় অসুস্থ, মৃত পশু জবাই করা হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া যায় না।
ডিএনসিসি ২০১৫-১৬ অর্থবছরে পশু জবাইখানা নির্মাণ বাবদ দুই কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু সংশোধিত বাজেটে দেখা যায়, বরাদ্দের এক টাকাও খরচ করা হয়নি। এই অর্থবছরের জন্য ঘোষিত ডিএনসিসির বাজেটে পশু জবাইখানা নির্মাণে দেড় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।