নির্মাণের ৬৪ লাখ টাকাই অপচয়!
ঢাকার সাভার পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়কে কার্পেটিং না করেই ৬৪ লাখ ৪৫ হাজার ১৭১ টাকা তুলে নিয়েছেন ঠিকাদারেরা। পুরো কাজ না করেই ‘উন্নয়ন’ কাজ বন্ধ করে দেওয়ায় মাটি, বালু ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে হাজারো খানাখন্দ। গর্তে ভরা সড়ক দুটিতে এখন হেঁটে চলাই কষ্টকর হয়ে পড়েছে।বেহাল ওই সড়ক দুটি হলো রেডিও কলোনি থেকে নামাবাজার ও রাবেয়া ক্লিনিক থেকে আমতলী। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করে সড়ক দুটির ‘উন্নয়ন ব্যয়’ সম্পর্কে তথ্য পাওয়া গেছে।উন্নয়নের নামে পুরো টাকাই সরকারের অপচয় হয়েছে বলে মনে করেন সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলমসহ একাধিক কাউন্সিলর ও এলাকাবাসী। তাঁদের অভিযোগ, রানা প্লাজা ধসের ঘটনায় পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র রেফাত উল্লাহর দুর্নীতির কারণেই এই অপচয় হয়েছে।সাভারের প্রধান পাইকারি বাজার নামাবাজারের ব্যবসায়ী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বাজারের কয়েক হাজার ব্যবসায়ীর মালামাল পরিবহনের ভরসা রেডিও কলোনি-নামাবাজর সড়ক। অথচ গত সাড়ে চার বছরেও সড়কটির কোনো উন্নয়ন বা সংস্কার হয়নি। এ কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্তে পানি জমে থাকায় প্রায় প্রতিদিনই পণ্যবাহী ট্রাক আটকে বিকল হয়ে পড়ছে।একই অবস্থা রাবেয়া ক্লিনিক থেকে আমতলী সড়কের। দুটি সড়ক সংস্কারে কাজ শুরু করেছিল পৌরসভা। এ ব্যাপারে গত মে মাসে পৌরসভার বিভিন্ন কর্মকর্তার কাছে একাধিকবার তথ্য চাওয়া হয়। কিন্তু রানা প্লাজা ধসের ঘটনায় নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার হওয়ার অজুহাত দেখিয়ে কোনো তথ্য দেননি। পরে তথ্য অধিকার আইনে সড়ক দুটির উন্নয়ন-সংক্রান্ত তথ্য চেয়ে ২৭ মে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হলে ৬ জুন তথ্য সরবরাহ করা হয়।এ প্রসঙ্গে পৌরসভার শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস বলেন, ‘তথ্য অধিকার আইন সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আপনার আবেদনের পর এ আইন বিষয়ে অবগত হয়েই তথ্য প্রদানের ব্যবস্থা করা হয়।’পৌরসভার দেওয়া তথ্যানুযায়ী, রেডিও কলোনি-নামাবাজার সড়কের উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয় গত ৩ এপ্রিল। মাটি, বালু, খোয়ার কাজসহ কার্পেটিং করার জন্য ব্যয় নির্ধারণ করা হয় ৭৪ লাখ ৪৮ হাজার ৯৭৪ টাকা। কাজটি পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী ৫৫ ভাগ সমাপ্ত করার পর ঠিকাদারকে ৪১ লাখ ৪৬ হাজার ৪৮১ টাকা বিল দেওয়া হয়। এরপর আর কোনো কাজ হয়নি।রাবেয়া ক্লিনিক থেকে আমতলী পর্যন্ত সড়কের বিষয়ে বলা হয়েছে, প্রায় ২০০ গজ দীর্ঘ সড়কের মাটি, বালু, খোয়া আর কার্পেটিং কাজের জন্য দরপত্র আহ্বান করা হয় ২০১১ সালের ৭ জুলাই। মেসার্স শিকদার এন্টারপ্রাইজ কাজটি পায়। ব্যয় ধরা হয়েছিল ২৯ লাখ ৮৫ হাজার ২১৪ টাকা। ৫৬ ভাগ কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদারকে ২২ লাখ ৯৮ হাজার ৬৯০ টাকা বিল দেওয়া হয়। এরপর আর কাজ হয়নি।পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, কাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আংশিক কাজের জন্য বিল চেয়ে আবেদন করা হয়। আবেদন পেয়ে কাজ বুঝে নেওয়ার পর ওই পরিমাণ কাজের বিল প্রদানের সুপারিশ করা হলে মেয়র অনুমোদন করেন। এরপরই বিল পান ঠিকাদারেরা।সম্প্রতি সড়ক দুটিতে একাধিকবার গিয়েও উন্নয়নকাজের কোনো নমুনা দেখা যায়নি। এ ব্যাপারে কাউন্সিলর খোরশেদ আলম বলেন, মাস দুয়েক আগে রেডিও কলোনি-নামাবাজার সড়কের রেডিও কলোনি থেকে খ্রিষ্টান মিশনারিজ পর্যন্ত প্রায় ১৫০ গজ এলাকায় আগের কার্পেটিং তুলে মাটি, বালু ও খোয়ার কাজ করা হয়। রাবেয়া ক্লিনিক থেকে আমতলী পর্যন্ত সড়কেও মাটি, বালু আর খোয়ার কাজ ছাড়া আর কোনো কাজ হয়নি। এসব করতে গিয়ে যে টাকা খরচ দেখানো হয়েছে, তার পুরোটাই অপচয় হয়েছে। দুটি সড়কে কার্পেটিং না করায় মাটি, বালু ও খোয়ার কাজ বিনষ্ট হয়ে স্থানে স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর অভিযোগ করেন, রেফাত উল্লাহর দুর্নীতির কারণেই সড়ক দুটির এ অবস্থা হয়েছে। সামান্য কাজ হওয়ার পর কাগজে-কলমে সিংহভাগ কাজ শেষ দেখিয়ে এ দুর্নীতি করা হয়েছে।ঠিকাদারের বক্তব্য: হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলী হাসান বলেন, ‘৫৫ ভাগ কাজ হওয়ার পর সড়কটি অন্য একটি প্রকল্পের আওতায় নেওয়ার কথা বলে রেফাত উল্লাহ কাজ বন্ধ করে দেন। পরে আমাকে ওই পরিমাণ কাজের বিল দেওয়া হয়।’ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কার্পেটিং করতে না দেওয়া, বৃষ্টির মধ্যে যানবাহন চলাচলের কারণে সড়কে খানাখন্দ হয়েছে। এ কারণে কাজের অস্তিত্ব বোঝা যাচ্ছে না। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্য নয়।মেসার্স শিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এ টি এম নূরুল আলমের বক্তব্য পাওয়া যায়নি।পৌরসভার বক্তব্য: রেফাত উল্লাহ পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. শাহজাহান কবীর বলেন, কার্পেটিং না করায় খোয়া ও বালু সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক দুটির ৫৫ ও ৫৬ ভাগ কাজ শেষ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন প্রমাণ করা দুষ্কর।’ দুর্নীতি ও অনিয়মের জন্যই কাজ বন্ধ করা হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বলতে পারবেন রেফাত উল্লাহ।’