নির্মিত হচ্ছে ১০০ আসনের আরেকটি ছাত্রীনিবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজে নির্মিত হচ্ছে ১০০ আসনের আরেকটি ছাত্রীনিবাস। পাঁচতলার এই ছাত্রীনিবাস নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৪ কোটি ৩৭ লাখ টাকা। ২ জানুয়ারি এর নির্মাণকাজ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী বলেন, এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে আট হাজার। বর্তমান ছাত্রীনিবাসে ১০০ জন ছাত্রী থাকার ব্যবস্থা রয়েছে। ফলে আসন–সংকটের কারণে দূর গ্রামের গরিব ছাত্রীরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার কলেজে আরেকটি ১০০ আসনের ছাত্রীনিবাস নির্মাণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ছলিমুর রহমান, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজক দাশ, সহকারী প্রকৌশলী শহিদ উল্লাহ প্রমুখ।
নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজক দাশ বলেন, এক বছরের মধ্যে নতুন ছাত্রী নিবাসের নির্মাণকাজ শেষ করা হবে। ধাপে ধাপে কলেজের অন্য সমস্যাও সমাধান করা হবে।
এদিকে নতুন ছাত্রীনিবাস তৈরির খবরে উচ্ছ্বসিত কলেজ ছাত্রীরা। স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রী খাদিজা বেগম বলেন, এখন একজনের আসনে দুজন করে থাকতে হচ্ছে। এক রুমে গাদাগাদি করে কয়েকজনকে থাকতে হয়। নতুন হোস্টেল হলে এ সমস্যা দূর হবে।
প্রথম বর্ষের ছাত্রী মার্জিয়া আফনান বলে, ‘প্রতিদিন চকরিয়া থেকে কলেজে আসা–যাওয়া করতে অর্থ ও সময়ের অপচয় হচ্ছে।’