নির্মূল কমিটি আজ গণস্বাক্ষর সংগ্রহ শুরু করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আজ শনিবার গণস্বাক্ষর অভিযান শুরু করবে। আজ বিকেল পাঁচটায় রংপুর থেকে তাদের এই অভিযান শুরু হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির উপস্থিত থেকে ওই কর্মসূচি শুরু করবেন।নির্মূল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বেলা ১১টায় কেন্দ্রীয় নেতারা শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেবেন। ২১ মার্চের মধ্যে অন্তত ১০ লাখ স্বাক্ষর সংগ্রহের জন্য সংগঠনের সব শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে।নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুলের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রজন্ম চত্বর থেকে গণজাগরণ মঞ্চের নেতারা নতুন যে কর্মসূচি ঘোষণা করেছেন, নির্মূল কমিটি তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে। ওই কর্মসূচির মধ্যে গণস্বাক্ষর সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বাধীন আন্দোলনের সূচনাপর্বেও দুই দফায় প্রায় ২০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।