মুক্তিযুদ্ধকালে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা ও বিচার করার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিচারের দাবিতে আন্দোলনকারী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন৷ আইনমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করলে ২ জুন আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ৷
এ ছাড়া আইনমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন৷
আইনমন্ত্রী আনিসুল হক গত বৃহস্পতিবার তিনটি কারণ উল্লেখ করে গণমাধ্যমে বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের অধীনে মুক্তিযুদ্ধকালে অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা ও বিচার করা আপাতত সম্ভব নয়৷ তাঁর ওই বক্তব্যের পর যুদ্ধাপরাধের বিচার ও জামায়াতকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনকারীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বলে, একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে যে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, আইনমন্ত্রীর অজ্ঞতাপ্রসূত ও বিভ্রান্তিকর বক্তব্যের কারণে তা বিঘ্নিত হবে৷ একই সঙ্গে গোটা বিচার-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিলম্বিত করার জন্য জামায়াত দেশে-বিদেশে যে বহুমাত্রিক তৎপরতা চালাচ্ছে, আইনমন্ত্রীর এই বক্তব্য তাতেও ইন্ধন জোগাবে৷ সুপ্রিম কোর্টে জামায়াতের নিবন্ধন বাতিলসংক্রান্ত আপিলের সঙ্গে ট্রাইব্যুনালে যে অপরাধে জামায়াতের বিচার হবে, এ দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই৷ চট্টগ্রামের আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আিমর মতিউর রহমান নিজামীর বিচার চলাকালে ট্রাইব্যুনালে তঁার বিচার চলমান ছিল৷ জামায়াতের আইনজীবী কখনো বলেননি, এক ব্যক্তির দুই আদালতে একসঙ্গে বিচার হতে পারে না৷ এ বিচারের ক্ষেত্রে যেকোনো ধরনের কালক্ষেপণ জামায়াত ও স্বাধীনতাবিরোধীদের অবস্থান শক্তিশালী করবে এবং একই সঙ্গে তা আওয়ামী লীগ ও সরকারের জন্য আত্মঘাতী হবে৷
এই যুক্ত বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন: মোহাম্মদ গোলাম রাব্বানী, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সৈয়দ আমীরুল ইসলাম, কামাল লোহানী, অজয় রায়, হাসান আজিজুল হক, আবু ওসমান চৌধুরী, অনুপম সেন, নুরুন নবী, শাহরিয়ার কিবর, মুনতাসীর মামুন, আবুল হোসেন, হামিদা বানু, হাশেম খান, রবিউল হুসাইন, শ্যামলী নাসরিন চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, আরমা দত্ত প্রমুখ৷
গণজাগরণ মঞ্চের সমাবেশ: গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত জরুরি সমাবেশে আইনমন্ত্রীর বক্তব্যকে ‘অজ্ঞতাপ্রসূত’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে৷ সমাবেশে অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়৷ এ দাবি মানা না হলে ২ জুন (সোমবার) তাঁরা আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন৷
প্রয়োজনে গত বছরের ৫ ফেব্রুয়ারির মতো আবার রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সমাবেশে বলেন, ‘১৯৪৭ সালের পর থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াত বারবার নিষিদ্ধ হয়েছে৷ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনকে নিষিদ্ধ করেছিলেন৷ যখন বঙ্গবন্ধুর সংগঠনের কোনো মন্ত্রী বলেন যে জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব নয়, তখন সেটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়৷’
গণজাগরণ মঞ্চের আরেক অংশের নেতা কামাল পাশা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের অিভযোগে ব্যক্তির বিচার করা গেলে দলের বিচারও করা সম্ভব৷ দলের বিচারের ক্ষেত্রে যদি আইনগত ত্রুটি থেকে থাকে, তবে তা সংশোধন করা হোক৷ কিন্তু তা না করে এভাবে প্রকাশ্যে সেই ত্রুটি বলে বেড়ানোর পেছনে অন্য কোনো চক্রান্ত থাকলেও থাকতে পারে৷’
৩৫ সংগঠনের নিন্দা ও প্রতিবাদ: জামায়াত নিষিদ্ধের বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন৷ সংগঠনগুলো এক যুক্ত বিবৃতিতে বলেছে, আইনমন্ত্রীর বক্তব্য প্রকারান্তরে ঘাতক জামায়াত-শিবিরকে একটি ‘স্কেপরুট’ বাতলে দেওয়ার দুরভিসন্ধি, তা মনে করার যথেষ্ট কারণ আছে৷ বিবৃতিদাতা সংগঠনগুলোর মধ্যে রয়েছে স্লোগান ৭১, প্রভাতফেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, গৌরব ৭১, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিহঙ্গ নাট্যদল, দুরন্ত বাংলা, লালন চর্চাকেন্দ্র প্রভৃতি সংগঠন৷
এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল সংগঠনের ঢাকা বিভাগীয় সভায় বলেছেন, বেশ কিছুদিন ধরে সরকারের বিরুদ্ধে জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আপসকামিতার সন্দেহ ও অভিযোগ উত্থাপিত হচ্ছে৷ আইনমন্ত্রীর বক্তব্য ওই আপসকামিতার প্রত্যক্ষ প্রমাণ৷