নির্মূল কমিটির সম্মেলনে গুরুত্ব পাবে জঙ্গিবাদ
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠেয় সম্মেলনে একাত্তরের গণহত্যার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়া জঙ্গিবাদ নির্মূলে কর্মকৌশল নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হবে। ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার মহাখালীতে নির্মূল কমিটির কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আড্ডায় শাহরিয়ার কবির এ কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, আগামী দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদ নির্মূল এবং এ সম্পর্কিত কর্মকৌশল নির্ধারণ করা। নির্মূল কমিটির আন্দোলনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সম্মেলনে এ বিষয়টিসহ একাত্তরের ২৫ মার্চ রাতে সংঘটিত গণহত্যার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে।
২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি বিষয়ে শাহরিয়ার কবির বলেন, বিশ্বের কোনো দেশে এক রাতে এত মানুষ মারা যায়নি। যে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হওয়া উচিত, তার জাতীয় স্বীকৃতিও নেই। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা দেওয়া হোক। কিন্তু কোনো সরকারই এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না। অথচ ১০০ বছর আগে আর্মেনিয়ায় যে গণহত্যা সংঘটিত হয়েছিল, জাতিসংঘ থেকে তার স্বীকৃতি আদায় করে নিয়েছে দেশটি।