নির্মোহ জ্ঞানের সাধক ছিলেন আবদুর রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানতাপস আবদুর রাজ্জাক নির্মোহ জ্ঞানের সাধনা করতেন। কিছু লিখে না গেলেও আপন চিন্তাচেতনা ছড়িয়ে গেছেন অনুরাগীদের মধ্যে।
গতকাল শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘জ্ঞানতাপস আবদুর রাজ্জাক জন্মশতবর্ষ স্মরণসভা’য় বক্তারা এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি রিডিং ক্লাব রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় এ স্মরণসভার আয়োজন করে।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আবদুর রাজ্জাকের শিক্ষাদান পদ্ধতি ছিল অনানুষ্ঠানিক। গল্পের ছলে তিনি শিক্ষাদান করতেন। কোনো নির্দিষ্ট বিষয়ে তিনি শিক্ষা দিতেন না। তবে ইতিহাসের ওপর জোর দিতেন সবচেয়ে বেশি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, দেশ অর্থনীতিতে দীর্ঘ পথ এগিয়েছে। কিন্তু রাজনীতিতে পিছিয়ে গেছে বেশি। বুদ্ধিবৃত্তিক চিন্তার অভাবে এ সমস্যার সৃষ্টি হয়েছে, যার পরিবর্তন দরকার।
স্মৃতিচারণা করে আবদুর রাজ্জাকের ভাতিজা আবুল খায়ের লিটু বলেন, সারা জীবন তিনি লেখাপড়া করেছেন ও জ্ঞানদান করে গেছেন। তবে কিছু লিখে রেখে যাননি। তাঁর অবদান লিপিবদ্ধ থাকলে দেশের উপকারে আসত।
অধ্যাপক আবদুর রাজ্জাক ১৯১৪ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পারাগ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল ইকোনমি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে এমএ পাস করেন আবদুর রাজ্জাক এবং সে বছরই প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে বিভাগটি ভেঙে গেলে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন।
১৯৯৯ সালে নিভৃতচারী এই জ্ঞানসাধক মারা যান।