নির্যাতন ও ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র জাতিসত্তার লোকজনের ওপর নির্যাতন ও তাঁদের ভূমি দখলের প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবে গতকাল রোববার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটি এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আকেজান্ডার হাঁসদা।
সংবাদ সম্মেলনে পার্বতীপুরের সাঁওতাল পল্লি হাবিবপুর চিড়াকুটা গ্রামের রেখা হাঁসদা (৭০) বলেন, ‘জমি তো আমাদেরই ছিল। কীভাবে যে ওরা কাগজ করেছে, তা ওরাই জানে। ওরা আমাদের আসামি করে ছয়টা মামলা করেছে। আমরা করেছি দুটো। ১৯ জন আসামি আমরা।’
হাবিবপুর চিড়াকুটা গ্রামের গৃহবধূ নীলিমা হেমব্রম বলেন, ‘১৯ একর জমি নিয়ে ৪৫ বছর ধরে বিরোধ চলছে। এলাকার সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এসে ডিসি, এসপি, অনেক সাংসদ, এলাকার মানুষ সবার সামনে বলে গেলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে যেন কেউ না যান। কিন্তু মুসলমানরা ঠিকই ওই জমি চাষ করছে। আমরা নামলেই মারতে আসছে।’
বীরগঞ্জের একজন অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে (১৯) ৪ অক্টোবর পাশের পলাশবাড়ী ইউনিয়নের এক ব্যক্তি বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান। এখনো তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আসা ক্ষুদ্র জাতিসত্তার নির্যাতনের শিকার লোকজন তাঁদের ওপর নির্যাতন-নিপীড়নের বর্ণনা তুলে ধরে বলেন, প্রতিটি ঘটনায় এলাকার চেয়ারম্যান, জনপ্রতিনিধি, থানা ও প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাওয়া যায় না।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি মো. রবিউল আউয়াল প্রমুখ। উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি শীতল মারান্ডীসহ দিনাজপুর ও ঢাকা থেকে আসা সংগঠনটির নেতা-কর্মীরা।