ঢাকা মহানগর পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সর্বোচ্চ ৪০ মিনিট ছিলেন। সেখানে তাঁর ওপর কোনো নির্যাতন করা হয়নি। গতকাল সন্ধ্যায় মহানগর পুলিশের জনসংযোগ শাখায় সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। ডিবির কার্যালয়ে নির্যাতনের কারণে এম ইউ আহমেদ মারা গেছেন—এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের অবস্থান ব্যাখ্যা করতে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, এম ইউ আহমেদকে ১১ আগস্ট রাত সাড়ে তিনটায় গ্রেপ্তার করে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেহির খেতে রাজারবাগের বাসায় যান। সেহিরর দুই-তিন মিনিট আগে ডিবির হেফাজতে থাকা এম ইউ আহমেদ বুকে ব্যথা অনুভব করেন। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই কর্মকর্তারা গাড়ি নিয়ে ডিবির কার্যালয়ে এসে এম ইউ আহমেদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, এম ইউ আহমেদ হূদেরাগে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে তখন তাঁকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।উপকমিশনার বলেন, সেখানে ভর্তি থাকা অবস্থায় এম ইউ আহমেদের স্ত্রী তাঁর জামিনের জন্য অনুরোধ করেন। এরপর ফৌজদারি কার্যবিধির ৪৯৬/৪৯৭ ধারা অনুযায়ী তাঁকে স্ত্রীর জিম্মায় দেওয়া হয়। জামিনের বিষয়টি পরদিন আদালতকে জানানো হয় এবং আদালত বিষয়টি নিয়মিতকরণ করেন। ১৭ আগস্ট পরিবারের উদ্যোগে এম ইউ আহমেদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না। পুলিশের কাছে এসব বিষয়ে দালিলিক প্রমাণ রয়েছে।ডিবির হেফাজতে এই আইনজীবীকে নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে—এই অভিযোগ নাকচ করে দিয়ে ডিবির উপকমিশনার বলেন, নির্যাতনের প্রশ্নই আসে না। এম ইউ আহমেদের বাসা ছয় তলায়। তিনি গ্রেপ্তার এড়াতে তিন তলায় অন্য একটি ফ্ল্যাটে গিয়েছিলেন। সিঁড়ি বেয়ে ওঠা-নামার কারণে তখন তিনি হাঁপাচ্ছিলেন। কিন্তু পরিবারের কেউই বলেননি যে তিনি হূদেরাগী। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বলেছেন তাঁর ‘হার্টে ব্লক’ রয়েছে। তখনই পুলিশ সুচিকিৎসার ব্যবস্থা করেছে।