নির্যাতন করে চেকে সই নেওয়ার অভিযোগ
পটুয়াখালীর বাউফলে সুরুজ জামান (৪৮) নামের এক ব্যবসায়ীকে সাত ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে তিন লাখ টাকার চেক এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় গত সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই ব্যবসায়ীকে একটি ঘরে আটকে রেখে স্থানীয় যুবলীগ নেতারা এ ঘটনা ঘটিয়েছেন।সুরুজ জামান দাবি করেন, তিনি বিএনপির একজন কর্মী। এ কারণে দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন মোল্লা এবং তাঁর লোকজন চাঁদা দাবি করছেন। সোমবার দুপুরের দিকে তিনি কালাইয়া লঞ্চঘাট এলাকায় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান মোল্লার নেতৃত্বে ছয়-সাতজন অস্ত্রের মুখে সাত ঘণ্টা আটকে রেখে তাঁর ওপর নির্যাতন চালান। ওই সময় মুঠোফোনে মনির হোসেন মোল্লা তাঁকে গালিগালাজ করেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা তিন লাখ টাকার একটি চেকে (পূবালী ব্যাংক, হিসাব নম্বর-৭৯৪৭৫, কালাইয়া শাখা) তাঁর স্বাক্ষর নেন এবং বাকি ছয় লাখ টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধের অঙ্গীকার করান। এরপর তাঁরা দেড় শ টাকার একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাঁকে মুক্তি দেন। চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে মিজান মোল্লা জানান, তাঁকে ঘেরের মধ্যে নিয়ে কয়েকটি চড়-থাপড় দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মনির হোসেন মোল্লা বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।